বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১২:৩৪ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্বে ফেরার প্রথম বছরেই ক্রিপ্টো কারেন্সি (ডিজিটাল মুদ্রা খাত) থেকে ১ বিলিয়ন ডলারের বেশি আয় করেছেন। ২০২৫ সালের বাধ্যতামূলক আর্থিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এমনটাই বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসি বলছে, ৯২৭ পৃষ্ঠার ওই প্রতিবেদনে দেখা যায়, ট্রাম্পের নামে চালু হওয়া একটি ক্রিপ্টো কারেন্সি থেকে তিনি রয়্যালটি বাবদ ৬৩৫ মিলিয়ন ডলার আয় করেছেন। যদিও বাজারে ওই মুদ্রার মূল্য পরে অনেকটাই কমে গেছে।
এছাড়া তার ছেলেদের প্রতিষ্ঠিত ক্রিপ্টো কারেন্সিভিত্তিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল থেকে ৫০০ মিলিয়ন ডলারের বেশি আয় দেখানো হয়েছে।
ক্রিপ্টো কারেন্সির পাশাপাশি ট্রাম্প তার বিভিন্ন ব্যবসা থেকেও কোটি কোটি ডলার আয় করেছেন। ফ্লোরিডার মার-আ-লাগো ক্লাব থেকে প্রায় ৭৭ মিলিয়ন ডলার এবং ডোরাল গলফ ক্লাব থেকে প্রায় ১২২ মিলিয়ন ডলার আয় হয়েছে। এছাড়া আরও কয়েকটি গলফ ক্লাব থেকেও ৩০ মিলিয়ন ডলারের বেশি করে আয় করেছেন তিনি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্পের নামে বাজারজাত ঘড়ি, বাইবেল, জুতা, সুগন্ধি ও গিটার বিক্রি করেও তিনি কয়েক মিলিয়ন ডলার রয়্যালটি পেয়েছেন।
অন্যদিকে, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প একটি প্রামাণ্যচিত্রের লাইসেন্স চুক্তি থেকে ১০ দশমিক ৭ মিলিয়ন ডলার এবং অনলাইনে বিক্রি হওয়া ডিজিটাল ছবির মাধ্যমে আরও ৬ মিলিয়ন ডলার আয় করেছেন।
এছাড়া বিভিন্ন আইনি মামলার সমঝোতা থেকেও ট্রাম্প ৮৬ দশমিক ৫ মিলিয়ন ডলার আয় দেখিয়েছেন। এর মধ্যে বিভিন্ন গণমাধ্যম ও প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে হওয়া সমঝোতার অর্থও রয়েছে।
তবে হোয়াইট হাউস দাবি করেছে, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প কোনো ধরনের স্বার্থের সংঘাতে জড়াননি। তাদের ভাষ্য, তার ব্যবসাগুলো একটি ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং সব সিদ্ধান্তই মার্কিন জনগণের স্বার্থে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছরের প্রতিবেদনে ট্রাম্পের আয় ছিল ৬০০ মিলিয়ন ডলারের বেশি। এবার সেই অঙ্ক ছাড়িয়ে গেছে ১ বিলিয়ন ডলার। তার মোট সম্পদের পরিমাণ বর্তমানে ৬ থেকে ৭ দশমিক ৬ বিলিয়ন ডলারের মধ্যে বলে বিভিন্ন আন্তর্জাতিক তালিকায় উল্লেখ করা হয়েছে।
আরটিভি/জেএমএ