images

আন্তর্জাতিক / বাংলাদেশ / মধ্যপ্রাচ্য

আমিরাতে সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ০৮:৩৫ পিএম

সংযুক্ত আরব আমিরাতের ‘বিগ টিকিট’ লটারিতে ১০ লাখ আমিরাতি দিরহাম বিজয়ী হয়েছেন এক বাংলাদেশি প্রবাসী, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে তিন কোটি টাকারও বেশি। তার পাশাপাশি ভারতের চার প্রবাসীও এই লটারিতে সমপরিমাণ অর্থ পুরস্কার পেয়েছেন। 

বৃহস্পতিবার (৯ জুলাই) আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের বিগ টিকিটের ২৮৮তম সিরিজে বাংলাদেশ ও ভারতের পাঁচজন প্রবাসী বিপুল অঙ্কের অর্থ বিজয়ী হয়েছেন। পুরস্কার হিসেবে প্রত্যেকে ১ মিলিয়ন করে মোট ৫ মিলিয়ন আমিরাতি দিরহাম জিতে নিয়েছেন। লটারিজয়ীদের এই তালিকায় যেমন রয়েছেন দীর্ঘদিনের আশাবাদী অংশগ্রহণকারী, যারা বছরের পর বছর ধরে প্রতি মাসে টিকিট কিনেছেন; ঠিক তেমনই আছেন এমন এক ভাগ্যবান, যিনি প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করেছেন। 

আরও পড়ুন
98520000

মিশরের মাটিতে দেশের গৌরব, সেরা দশে ৭ বাংলাদেশি শিক্ষার্থী

বিজয়ীরা জানিয়েছেন, এই পুরস্কারের অর্থ তাদের জীবনের বড় বড় স্বপ্ন পূরণে সাহায্য করবে। লটারিতে পাওয়া এই অর্থ দিয়ে দেশে থাকা পরিবারকে আর্থিক সহায়তা, ঋণ পরিশোধ এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করার কথা জানিয়েছেন তারা।

আরব আমিরাতের এই বিগ টিকিট লটারিতে ১০ লাখ আমিরাতি দিরহাম বিজয়ী হওয়া বাংলাদেশি প্রবাসীর নাম মোহাম্মদ আতিক হাসান। তার টিকিট নম্বর ৩৫৯৬৮৫। বিগ টিকিট লটারির ড্রতে তিনি এক মিলিয়ন দিরহাম বিজয়ী হয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৩৫ লাখ টাকার বেশি।

অন্যদিকে ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা ও আমিরাত প্রবাসী উপেন্দ্রন সিজু প্রায় এক দশক ধরে চেষ্টা করার পর অবশেষে এই ১০ লাখ দিরহামের পুরস্কার জিতেছেন। ৪০ বছর বয়সী সিজু পেশায় একজন অপারেশনস ইন-চার্জ। তিনি গত ২০ বছর ধরে আরব আমিরাতে বসবাস করছেন। বন্ধুদের পরামর্শ ও ওয়েবসাইটের মাধ্যমে প্রথম তিনি বিগ টিকিটের খোঁজ পান। গত ৯ বছর ধরে ২০ জনের একটি দল নিয়ে তিনি প্রতি মাসে এই লটারিতে অংশ নিচ্ছেন।

পুরস্কার জেতার মুহূর্ত স্মরণ করে সিজু বলেন, ‘লটারি জয়ের ফোন পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও ভীষণ আশ্চর্যে হয়ে গিয়েছিলাম।’ বিগ টিকিটে এটিই তার জীবনের প্রথম জয়। সিজুর পরিবার বর্তমানে ভারতে রয়েছে। পুরস্কারের নিজের অংশ দিয়ে তিনি ব্যক্তিগত ঋণ শোধ করার পরিকল্পনা করেছেন।

আরেক বিজয়ী শিবপ্রসাদ রবীন্দন দীর্ঘ ২৯ বছর ধরে আরব আমিরাতে বসবাস করছেন এবং গত ১২ বছর ধরে বিগ টিকিটে অংশ নিচ্ছেন। কেরালার বাসিন্দা ৫০ বছর বয়সী এই তেল ও গ্যাস কোম্পানির সুপারভাইজার ২৭ জনের একটি বড় দল নিয়ে প্রতি মাসে লটারির টিকিট কিনতেন। দীর্ঘদিন অপেক্ষার পর রবীন্দন তার প্রথম জয়ের দেখা পেয়েছেন। উচ্ছ্বসিত রবীন্দন বলেন, ‘আমি খুব খুশি। পুরস্কারের টাকা আমাদের দলের সবার মধ্যে ভাগ করে নেওয়া হবে। আমার ভাগে যে অর্থ আসবে, তা দিয়ে আমি দেশের পরিবারকে সাহায্য করব।
বিশেষ করে আমার মেয়েকে, যে বর্তমানে কেরালায় পড়াশোনা করছে।’

আরটিভি/এআর