মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ০১:৩২ পিএম
ধারের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক যুবতীকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি পূর্ব বর্ধমানের ভাতার থানার এলাকার। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আদালতের নির্দেশে তাকে দু'দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিতা বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে কর্মরত। প্রতিদিন কর্মস্থলে যাতায়াতের সময় বাসে অভিযুক্ত যুবকের সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে সেই পরিচয় বন্ধুত্ব এবং পরে প্রেমের সম্পর্কে পরিণত হয়।
অভিযোগ, সম্পর্কের সুযোগ নিয়ে অভিযুক্ত বিভিন্ন সময়ে যুবতীর কাছ থেকে দফায় দফায় প্রায় ৫০ হাজার টাকা ধার নেয়। পাশাপাশি বিয়ের প্রতিশ্রুতি দিয়েও তার বিশ্বাস অর্জন করে বলে অভিযোগ।
পরবর্তীতে নিজের প্রয়োজনের কারণে যুবতী ধার দেওয়া টাকা ফেরত চাইলে অভিযুক্ত টাকা শোধ দেওয়ার আশ্বাস দেয়। অভিযোগ অনুযায়ী, গত ১২ জুন সন্ধ্যায় টাকা ফেরত দেওয়ার কথা বলে যুবতীকে নিজের বাড়িতে ডেকে পাঠায় সে।
নির্যাতিতার অভিযোগ, বাড়িতে গিয়ে দেখেন সেখানে অন্য কেউ ছিলেন না। সেই সুযোগে অভিযুক্ত তাকে জোর করে ধর্ষণ করে।
ঘটনার পর সম্প্রতি নির্যাতিতা ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। রবিবার রাতে অভিযুক্তকে তার বাড়ি থেকে গেপ্তার করা হয়।
সোমবার অভিযুক্তকে বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে পুলিশ পাঁচ দিনের হেফাজতের আবেদন জানায়। তবে আদালত দু'দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
আরটিভি/এসকে