images

আন্তর্জাতিক / এশিয়া

টাইফুন ‘বাভি’র আঘাতের শঙ্কা, উত্তর কোরিয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি 

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ০৮:০৭ পিএম

প্রবল শক্তি নিয়ে উত্তর কোরিয়ার দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’। এর প্রভাবে দেশের বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও প্রবল ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় মঙ্গলবার (১৪ জুলাই) পিয়ংইয়ংসহ দেশজুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। টাইফুনের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন সব সরকারি সংস্থাকে ‘সর্বোচ্চ সতর্কতা’ অবলম্বনের নির্দেশ দিয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় দৈনিক রোডং সিনমুন জানিয়েছে, টাইফুনটি মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে পীত সাগর হয়ে উত্তর কোরিয়ার মধ্যাঞ্চল অতিক্রম করতে পারে। তবে মূল ভূখণ্ডে আঘাত হানার আগে এটি কিছুটা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

কিম জং উন দেশের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে বলেছেন, প্রত্যেকে যেন সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেন। 

রোডং সিনমুনের পূর্বাভাস অনুযায়ী, আজ দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় ৮০ থেকে ১২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া ঘণ্টায় ৩০ থেকে ৬০ মিলিমিটার পর্যন্ত আকস্মিক ও ভারী বর্ষণেরও শঙ্কা রয়েছে।

অন্যদিকে, দেশটির দক্ষিণাঞ্চলসহ কিছু এলাকায় ১৫০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত রেকর্ড বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে পশ্চিম উপকূল ও অভ্যন্তরীণ কিছু এলাকায় প্রতি সেকেন্ডে ১০ থেকে ১৫ মিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, দুর্যোগ মোকাবিলায় দেশজুড়ে উদ্ধারকারী দলগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।

আরও পড়ুন
12

ভারতে পর্যটকের গাড়িকে ১৫ কিমি ধাওয়া করে হামলা

মুলত দুর্বল অবকাঠামো ও ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির কারণে যেকোনো প্রাকৃতিক দুর্যোগের মুখে উত্তর কোরিয়ায় ক্ষয়ক্ষতির মাত্রা তুলনামূলক অনেক বেশি হয়ে থাকে। সে কথা বিবেচনায় নিয়ে এবার আগেভাগেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে, উত্তর কোরিয়ার পাশাপাশি প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়াতেও সম্প্রতি তুমুল বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেখানে কিছু কিছু এলাকায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দেশটির মধ্যাঞ্চলীয় চুংচিয়ং প্রদেশের কয়েক শ বাসিন্দাকে ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং অনেকে বন্যার পানিতে আটকা পড়েছেন। 

দক্ষিণ কোরিয়ার সম্প্রচারমাধ্যম কেবিএস জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের গিয়ংসাং অঞ্চলে নদীর তীব্র স্রোতে ভেসে গিয়ে সত্তরোর্ধ্ব এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। সিউলের আবহাওয়া সংস্থা জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত দুই কোরিয়াতেই এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে।

আরটিভি/এআর