সোমবার, ২০ জুলাই ২০২৬ , ১১:৪৭ পিএম
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্ত শহর মিরজাভেহতে বন্দুকধারীদের হামলায় এক প্রখ্যাত সুন্নি ধর্মীয় নেতার মৃত্যু হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার (২০ জুলাই) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
নিহত ধর্মীয় নেতার নাম মোলভি মোহাম্মদ আনভার রিগি, যিনি ওই অঞ্চলের একটি মসজিদে শুক্রবারের জুমার নামাজের খতিব বা ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।
ঘটনাটি ঘটেছে ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে, যা দেশটির অন্যতম দরিদ্র অঞ্চল হিসেবে পরিচিত এবং এখানে বিপুলসংখ্যক সুন্নি বালুচ জনগোষ্ঠীর বসবাস রয়েছে। তেহরান সরকারের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জেরে এই অঞ্চলে প্রায়ই সশস্ত্র গোষ্ঠী এবং জাতিগত বিদ্রোহীদের সঙ্গে ইরানি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে থাকে।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এই হত্যাকাণ্ডকে একটি ‘সন্ত্রাসী কাজ’ হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের মতে, এই হামলার মূল উদ্দেশ্য ছিল অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত করা এবং শিয়া-সুন্নি সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করা।
হত্যাকাণ্ডের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন। হামলার নেপথ্যে কারা রয়েছে তা খুঁজে বের করতে ইতোমধ্যেই আইন প্রয়োগকারী ও বিচার বিভাগীয় সংস্থাগুলো যৌথভাবে তদন্ত শুরু করেছে। সূত্র: রয়টার্স
আরটিভি/এমএইচজে