images

আন্তর্জাতিক / এশিয়া

ভিয়েতনামে চলন্ত বাসে ভয়াবহ আগুন, নিহত ৭

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০৯:৫১ এএম

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে চলন্ত একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন লেগে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। খবর এনডিটিভির। 

মঙ্গলবার (২১ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ আসনের বাসটি লাম ডং প্রদেশ থেকে বাণিজ্যিক শহর হো চি মিন সিটির উদ্দেশে যাচ্ছিল। ভোর প্রায় আড়াইটার দিকে ডং নাই শহরের হুং থিনহ এলাকায় জাতীয় মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বাঁধে ধাক্কা দেয়।

প্রথম ধাক্কার পর বাসটি আরও কিছুদূর গিয়ে আরেকটি বাঁধে আঘাত করে থেমে যায়। এরপর বাসটির নিচ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এতে অনেক যাত্রী বাসের ভেতরেই আটকা পড়েন।

আরও পড়ুন
Web-Image

সিকিমের টানেল ধসে নিহত ৮, আটকে আরও ১৮ শ্রমিক

চালক ট্রান থান হাই যাত্রীদের দ্রুত বাস থেকে নেমে যাওয়ার আহ্বান জানালেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই বের হতে পারেননি।

খবর পেয়ে দমকল ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি বিশেষ অগ্নিনির্বাপণ যান নিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

পরে বাসের ভেতর থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত পাঁচজনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্র: এনডিটিভি


আরটিভি/জেএমএ