images

আন্তর্জাতিক / ভারত

এবার কলকাতায় কর্মসূচি পালন করবে ককরোচ পার্টি

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০৮:০৬ পিএম

দিল্লির যন্তর-মন্তরে চলমান ছাত্র আন্দোলনের জের ধরে এবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। চিকিৎসা শিক্ষায় ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার সার্বিক অনিয়মের প্রতিবাদে শুক্রবার(২৪ জুলাই) বিকেলে কলকাতার রাজপথে মিছিল ও সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

কর্মসূচি পালনের অংশ হিসেবে ইতিমধ্যে কলকাতা পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো অনুমতি পাওয়া যায়নি বলে দলটির সূত্র নিশ্চিত করেছে।

কলকাতা পুলিশের সদর ও অপরাধ দমন শাখা সূত্রে জানা গেছে, গত ১৯ ও ২১ জুলাই যৌথ কমিশনারদের কাছে ই-মেইলের মাধ্যমে অনুমতি চেয়ে আবেদন পাঠান সংগঠনের সদস্য দেদীপ্য গঙ্গোপাধ্যায়। আবেদনে বলা হয়েছে, শুক্রবার বিকেল চারটায় শহরের ঐতিহ্যবাহী কলেজ স্কোয়ার থেকে শুরু করে রানি রাসমণি সড়ক পর্যন্ত প্রতিবাদ মিছিলটি অনুষ্ঠিত হবে। এতে প্রায় দেড় হাজার তরুণ ও শিক্ষার্থীর অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন
6

ভারতে বিক্ষোভকারীদের মাদকের মামলা দেয়ার হুমকি পুলিশের

কলকাতা পুলিশ আবেদন প্রাপ্তির বিষয়টি স্বীকার করে জানিয়েছে, অনুমতি দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে শহরের আইনশৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সংগঠনের সদস্য দেদীপ্য গঙ্গোপাধ্যায় জানান, অনুমতির বিষয়ে পুলিশের সঙ্গে কথা চলছে। অনুমতি না মিললে পরবর্তী করণীয় নির্ধারণে তারা বৈঠক করবেন। একই সঙ্গে দুর্নীতিমুক্ত ভাবমূর্তির সাধারণ শিক্ষার্থী ও তরুণদের এই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় অনিয়মের জের ধরে রাজধানী দিল্লিতে শুরু হওয়া এই যুব অসন্তোষ ইতিমধ্যে দেশটির অন্যান্য বড় শহরে ছড়িয়ে পড়ছে। দিল্লির সংসদ ভবনমুখী মিছিলে সংঘর্ষ ও সহিংসতার পর মুম্বাই ও চেন্নাইয়েও শিক্ষার্থীরা রাজপথে নামেন। এবার কলকাতার কর্মসূচিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতি ও শিক্ষাঙ্গনে নতুন করে উত্তাপ দেখা দিচ্ছে।

আরটিভি/এআর