বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০৯:০৮ পিএম
চলমান যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র সহায়তা না দেওয়ার জন্য ওয়াশিংটনকে সতর্ক করেছে মস্কো।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ম্যানিলায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র সঙ্গে বৈঠককালে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ বিষয়ে সতর্ক করেন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, কিয়েভে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার বিষয়টিকে ‘অগ্রহণযোগ্য’ বলে বৈঠকে উল্লেখ করেছেন ল্যাভরভ। তবে ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়া একটি ‘রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে’ পৌঁছাতে প্রস্তুত রয়েছে বলেও বৈঠকে জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে বৈঠক নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকেও একটি পৃথক বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, মার্কো রুবিও এবং সের্গেই ল্যাভরভ দ্বিপক্ষীয় সম্পর্ক সামনে এগিয়ে নেওয়া এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
আরটিভি/এআর