images

আন্তর্জাতিক / আফ্রিকা

কঙ্গোতে ভয়াবহ রূপ নিচ্ছে ইবোলা, আক্রান্ত ৩ হাজার ছাড়াল

রোববার, ২৬ জুলাই ২০২৬ , ০৯:৫৩ এএম

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ইবোলা ভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৫ জনে, যার মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৫৪ জনের।

শনিবার (২৫ জুলাই) প্রকাশিত কঙ্গো সরকারের সর্বশেষ প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানা গেছে।

আফ্রিকা রোগ নিয়ন্ত্রণকেন্দ্র (আফ্রিকা সিডিসি) এক বিবৃতিতে জানিয়েছে, এই সাম্প্রতিক প্রাদুর্ভাবটি মহাদেশের ইতিহাসে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ইবোলা মহামারিগুলোর একটি। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, দীর্ঘদিন কর্তৃপক্ষের নজরদারির আড়ালে রোগটি ছড়িয়ে পড়ার পর গত ১৫ মে কঙ্গো সরকার আনুষ্ঠানিকভাবে নতুন ইবোলা প্রাদুর্ভাবের ঘোষণা দেয়।

আরও পড়ুন
2

ডিআর কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব, ভয়াবহ সংকটের শঙ্কা ডব্লিউএইচওর

চিকিৎসকেরা জানিয়েছেন, এই সংক্রমণটি মূলত ইবোলার বিরল ‘বান্ডিবুগিও’ প্রজাতির ভাইরাসের কারণে ঘটেছে। এখন পর্যন্ত এই সুনির্দিষ্ট ভাইরাসের জন্য অনুমোদিত কোনো টিকা বা কার্যকর ওষুধ উদ্ভাবন হয়নি। তবে সংক্রমণ ঠেকাতে এবং প্রতিষেধক আবিষ্কারের লক্ষ্যে ইতোমধ্যে আন্তর্জাতিক গবেষকদের উদ্যোগে মানবদেহে নতুন চিকিৎসার পরীক্ষামূলক প্রয়োগ (ক্লিনিক্যাল ট্রায়াল) শুরু করা হয়েছে।

এদিকে কঙ্গোতে রোগটি নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা শুরু থেকেই মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েছে। আন্তর্জাতিক তহবিলের তীব্র ঘাটতির পাশাপাশি দেশটির পূর্বাঞ্চলীয় অশান্ত ও সংঘাতময় অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর একের পর এক হামলা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। চলমান যুদ্ধের কারণে স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত এলাকাগুলোতে নিরবচ্ছিন্নভাবে চিকিৎসাসেবা পৌঁছাতে পারছেন না।

আরটিভি/এআর