রোববার, ২৬ জুলাই ২০২৬ , ১০:০৫ এএম
ভারতের উত্তরপ্রদেশে প্রেমের সম্পর্ক মেনে না নিয়ে এক তরুণীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পরিবারের বিরুদ্ধে। পরে ঘটনাটি আড়াল করতে তরুণীর মরদেহ দ্রুত দাহও করে ফেলা হয়। তবে প্রেমিকের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ তরুণীর মা, দুই ভাই ও দুই চাচাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, শুক্রবার (২৪ জুলাই) নিহত তরুণীর প্রেমিক হার্ষিত পুলিশের দ্বারস্থ হন। তিনি থানায় গিয়ে লিখিত অভিযোগে জানান, তার ২০ বছর বয়সী প্রেমিকা হিমার্শীকে পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে হত্যা করে রাতারাতি মরদেহ দাহ করে দিয়েছেন।
অভিযোগ সূত্রের বরাতে পুলিশ জানায়, হিমার্শী ও হার্ষিত ভিন্ন জাতের হওয়ায় দীর্ঘ দেড় বছর ধরে তাদের সম্পর্কের তীব্র বিরোধিতা করে আসছিল পরিবার। সম্প্রতি একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, হিমার্শী একটি দোকানে হার্ষিতের সঙ্গে দেখা করতে গেলে পরিবারটির সদস্যরা গিয়ে দুজনকে বেধড়ক মারধর করেন।
অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই অভিযান চালিয়ে নিহত তরুণীর মা, দুই ভাই ও দুই চাচাকে গ্রেপ্তার করা হয়। নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে বিচার দাবি করেছেন প্রেমিক হার্ষিত। ঘটনাটির বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নিচ্ছে স্থানীয় পুলিশ।
আরটিভি/এআর