images

আন্তর্জাতিক

জার্মানিতে সমকামীদের মিছিলে হামলা

সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১১:৪৮ এএম

জার্মানির রাজধানী বার্লিনে সমকামী অধিকারকর্মীদের ‘বার্লিন প্রাইড’ শোভাযাত্রায় গাড়ি চালিয়ে হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজনকে গুলি করে হত্যা করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) বার্লিনের উপশহর স্পান্দাও এলাকায় পুলিশের গুলিতে নিহত হন ২১ বছর বয়সী আবদুল বাল্লাউত, যিনি আবদুল বি নামেও পরিচিত।

শনিবার (২৫ জুলাই) স্থানীয় সময় রাত ১০টার দিকে টিয়ারগার্টেন পার্কের কাছে অনুষ্ঠিত ক্রিস্টোফার স্ট্রিট ডে (সিএসডি) প্রাইড শোভাযাত্রায় একটি গাড়ি তুলে দেওয়ার ঘটনা ঘটে। এতে এক নারী নিহত হন এবং অন্তত ২৯ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বার্লিন পুলিশের এক বিবৃতিতে বলা হয়, হামলার পর আবদুলকে শনাক্ত করে আটক করার চেষ্টা করা হলে তাকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। তবে তিনি ছুরি হাতে পুলিশের দিকে তেড়ে এলে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার নিন্দা জানিয়ে বার্লিনের মেয়র কাই ভেগনার বলেন, এটি “স্বাধীন ও উদার সমাজের ওপর একটি আক্রমণ”। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “বার্লিন স্বাধীনতার শহর, আর আজ আমাদের সেই স্বাধীনতার ওপর সবচেয়ে ভয়াবহভাবে আঘাত হানা হয়েছে।”

পুলিশের তথ্যমতে, হামলার প্রধান ও একমাত্র সন্দেহভাজন আবদুল বাল্লাউত লেবানিজ বংশোদ্ভূত জার্মান নাগরিক। অতীতে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-সংশ্লিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন
turkey-bodrum

ভাইকে বিয়ে করা রানির শোক থেকেই জন্ম নিয়েছিল প্রাচীন বিশ্বের এক বিস্ময়

হামলার পর বার্লিন ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানে হেলিকপ্টার ও থার্মাল-ইমেজিং ক্যামেরা ব্যবহার করা হয়েছে বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র। অভিযান শুরুর প্রায় ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন আবদুল পুলিশের অভিযানে নিহত হন।

আরটিভি/এসকে