images

আন্তর্জাতিক

ভাইরাসের ইতিহাসে সবচেয়ে দ্রুত ছড়াচ্ছে ইবোলা

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ০৫:১৪ পিএম

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ইবোলার সর্বশেষ প্রাদুর্ভাব ভাইরাসটির ইতিহাসে সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া সংক্রমণে পরিণত হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৩ হাজার ৩৬০ জনের ইবোলা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪৮৭ জনের মৃত্যু হয়েছে, যা প্রায় ৪৫ শতাংশ মৃত্যুহার নির্দেশ করে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, বর্তমানে দেশটির পূর্বাঞ্চলের পাঁচটি প্রদেশে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। তবে আক্রান্ত এলাকাগুলোতে চলমান সংঘাতের কারণে চিকিৎসা, রোগ শনাক্তকরণ এবং প্রতিরোধ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আক্রান্ত অঞ্চল রওয়ামপারার বাসিন্দা ও চার সন্তানের জননী ডেবোরাহ এনজুভা বলেন, আমরা আগেই কঠিন পরিস্থিতিতে জীবনযাপন করছিলাম। তার ওপর ইবোলা প্রতিনিয়ত মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে চলতে থাকলে ইতুরি প্রদেশে স্বাভাবিক জীবন পুরোপুরি থেমে যেতে পারে।

গত ১৫ মে ডিআর কঙ্গোর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বুন্ডিবুগিও ধরনের ইবোলা ভাইরাসের এই প্রাদুর্ভাব ঘোষণা করে। এরপর থেকেই এটি দেশটিতে অতীতের ১৬টি ইবোলা প্রাদুর্ভাবের যেকোনোটির তুলনায় দ্রুতগতিতে বিস্তার লাভ করেছে।

বর্তমান আক্রান্তের সংখ্যা ইতোমধ্যেই ২০১৮ থেকে ২০২০ সালের ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাবের কাছাকাছি পৌঁছেছে। ওই সময়ে দেশটিতে ৩ হাজার ৪৭০ জন আক্রান্ত হয়েছিলেন।

আরও পড়ুন
8

‘আমি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি’: ফিলিস্তিনি অধ্যাপক

দেশটির জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (এনপিএইচআই) ইবোলা প্রতিরোধ কার্যক্রমের প্রধান অধ্যাপক পিয়েরে আকিলিমালি বলেন, ইবোলার সংক্রমণ এখনো দ্রুত বাড়ছে। পরিস্থিতি কবে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে, তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

আরটিভি/এসকে