images

আন্তর্জাতিক / মধ্যপ্রাচ্য

গাজায় ‍আবারও ইসরায়েলি বাহিনীর তাণ্ডব

সোমবার, ০৩ আগস্ট ২০২৬ , ১০:৪৮ এএম

গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে অন্তত ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে বেশ কয়েকটি আবাসিক বাড়ি, বাস্তুচ্যুত মানুষের তাঁবু ও বেসামরিক গাড়িতে হামলা চালানো হয়। খবর আলজাজিরার।

গাজা সিটির পশ্চিমাঞ্চলের আল-সুসি টাওয়ারের একটি আবাসিক অ্যাপার্টমেন্টে বিমান হামলায় একই পরিবারের তিনজন নিহত হন। আল-শিফা হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানানো হয়, নিহত ব্যক্তিরা হলেন ৩৩ বছর বয়সী আবদুল্লাহ আবু তাইফ, তার ২৯ বছর বয়সী অন্তঃসত্ত্বা স্ত্রী আবির আনান এবং তাদের পাঁচ বছর বয়সী ছেলে আজ্জাম।

দক্ষিণ গাজার খান ইউনিস শহরের উত্তর-পশ্চিমে আল-কারারা এলাকায় একটি অ্যাপার্টমেন্টে হামলায় আল-হামস পরিবারের তিন সদস্য মারা যান। নিহত ব্যক্তিরা হলেন ৩৮ বছর বয়সী মাহমুদ আল-হামস, তার ৩৭ বছর বয়সী স্ত্রী ফাতিমা এবং তাদের শিশুকন্যা। নাসের হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই হামলায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন
8

‘আমি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি’: ফিলিস্তিনি অধ্যাপক

মধ্য গাজার দেইর আল-বালাহর কাছে নিজ বাড়িতে ইসরায়েলি হামলায় ৬৮ বছর বয়সী কামু আবু মুআইলিক ও তার ৫৯ বছর বয়সী স্ত্রী হুদা নিহত হন। একই এলাকায় মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিমান হামলায় মারা যান দুই ভাই।

এ ছাড়া উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে সরাসরি লক্ষ্য করে চালানো হামলায় একজন এবং খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে হামলায় একজন নিহত ও অন্তত পাঁচজন আহত হন। গাজা সিটির রেমাল এলাকায় তাঁবুতে চালানো ড্রোন হামলায় দুজন এবং একটি গাড়ি লক্ষ্য করে চালানো পৃথক হামলায় আরও চারজন নিহত হন।

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে গাজায় এক দিনে এটিই অন্যতম সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।

আরটিভি/এআর