images

ভারত

বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয়, পুলিশের মামলা

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ১০:১২ এএম

তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ঘিরে চেন্নাইয়ে নতুন বিতর্কে জড়ালেন থালাপতি বিজয়। তামিল সিনেমার জনপ্রিয় এ অভিনেতার বিরুদ্ধে এবার মামলা করেছে পুলিশ।

নিজের রাজনীতিক দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)-এর এর নির্বাচনি প্রচারণা ঘিরে নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।  

চেন্নাই পুলিশের দাবি, বিজয়কে নির্দিষ্ট একটি স্থানে কর্মসূচি করার অনুমতি দেওয়া হলে টি নগর, থাউজ্যান্ড লাইটস এবং এগমোর এলাকাজুড়ে বিশাল শোভাযাত্রা বের করেন তিনি। সেসময় হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে তাকে স্বাগত জানান। এর ফলে, শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয়।

নির্বাচন কমিশনের একটি ফ্লাইং স্কোয়াডের অভিযোগের ভিত্তিতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারায় এ মামলা হয়েছে, যেখানে সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন
US

নতুন করে যুদ্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, টার্গেট ইরানের বিদ্যুৎ ও জ্বালানি

এ মামলায় বিজয় ছাড়াও টিভিকে’র একাধিক নেতার নাম রয়েছে। তবে, এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো অফিশিয়াল প্রতিক্রিয়া জানাননি বিজয় বা তার দল।

এদিকে নির্বাচনের ঠিক আগে এ ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হওয়া তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এ বিতর্ক ভোটের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, তাই এখন দেখার অপেক্ষা থালাপতি ভক্তদের।

আরটিভি/এসএইচএম