images

ভারত

ভারতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ০৮:৩৬ পিএম

ভারতের একটি অবৈধ আতশবাজি কারখানায় ভয়াবহ এক বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। সেইসঙ্গে আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। 

শনিবার (১৮ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের গুজরাটের আহমেদাবাদে একটি আতশবাজি কারখানায় এ বিস্ফোরণ ঘটেছে। আহত ৯ জনের অবস্থাও গুরুতর।

ট্যালেন্ট ফায়ারওয়ার্কস নামের কারখানাটি আহমেদাবাদের ভাস্ত্রাল এলাকায় অবস্থিত। প্রতিষ্ঠানটির লাইসেন্স আগেই বাতিল করা হয়েছিল। এরপরও এটি স্থানীয় একটি খামারে অবৈধভাবে পরিচালিত হচ্ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মণিনগরের সিভিল হাসপাতাল ও এলজি হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন
PAK-KWT

পাকিস্তানের সঙ্গে বড় পরিসরে প্রতিরক্ষা চুক্তি করতে চাইছে কুয়েত

ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, স্থানীয় সময় বেলা সাড়ে তিনটার দিকে তারা বিস্ফোরণের খবর পান। এরপর তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও আরএএফের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

এদিকে, এ দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য দুই লাখ রুপি করে এককালীন ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গুজরাটের আহমেদাবাদে একটি আতশবাজি কারখানায় দুর্ঘটনায় প্রাণহানির খবর শুনে আমি অত্যন্ত মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার গভীর সমবেদনা রইল। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সব ধরনের সম্ভাব্য সহায়তা প্রদান করছে। নিহত প্রত্যেকের পরিবারকে পিএমএনআরএফের পক্ষ থেকে দুই লাখ রুপি করে এককালীন অনুদান দেওয়া হবে। পাশাপাশি আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে।

আরটিভি/এসএইচএম