শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ , ০১:০১ পিএম
যুক্তরাজ্য জুড়ে মুসলিম সম্প্রদায় ও মসজিদগুলোর নিরাপত্তা জোরদারে অতিরিক্ত ১ কোটি পাউন্ড (প্রায় ১৪ কোটি টাকা) বরাদ্দের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সাম্প্রতিক সময়ে মুসলমানদের ওপর হামলা ও মসজিদে অগ্নিসন্ত্রাসের ঘটনায় উদ্বেগ বৃদ্ধির কারণে এই পদক্ষেপ নিয়েছেন তিনি।
শুক্রবার (২৫ অক্টোবর) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি ও স্কাই নিউজ।
প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের শুরুর দিকে ইস্ট সাসেক্সের পিসহ্যাভেন মসজিদে সন্দেহজনক অগ্নিসন্ত্রাসের ঘটনার পর বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সেখানে যান স্টারমার। সফরকালে তিনি বলেন, মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অতিরিক্ত অর্থ দিচ্ছে, যাতে তারা ‘শান্তি ও নিরাপত্তার মধ্যে’ জীবনযাপন করতে পারেন।
তিনি আরও বলেন, ব্রিটেন একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে গর্ব করে। কোনো সম্প্রদায়ের ওপর হামলা মানে পুরো জাতি ও আমাদের মূল্যবোধের ওপর আঘাত।
গত ৪ অক্টোবরের সেই ঘটনায় মসজিদের মূল প্রবেশপথ ও একটি গাড়ি পুড়ে যায়। তবে কেউ আহত হয়নি। মুসলিম বিদ্বেষজনিত অপরাধ হিসেবে গণ্য করে ঘটনাটি তদন্ত করছে সাসেক্স পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) জীবননাশের উদ্দেশ্যে অগ্নিসন্ত্রাসের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ব্রিটিশ সরকার বলছে, নতুন এ তহবিল থেকে যুক্তরাজ্যের মসজিদ ও মুসলিম ধর্মীয় কেন্দ্রগুলোতে সিসিটিভি, অ্যালার্ম সিস্টেম, নিরাপত্তা বেড়া স্থাপন ও প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী নিয়োগে সহায়তা দেওয়া হবে।
কিয়ার স্টারমার বলেন, উপাসনালয়গুলোতে নিরাপত্তা বাহিনী থাকা উচিত নয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ আমাদের সে প্রয়োজন দেখা দিয়েছে।
ব্রিটেনের সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইসলামবিদ্বেষমূলক অপরাধ ১৯ শতাংশ বেড়ে গেছে যুক্তরাজ্যে। সব ধর্মীয় ঘৃণাজনিত অপরাধের ৪৪ শতাংশ ক্ষেত্রেই লক্ষ্যবস্তু ছিলেন মুসলমানরা।
আরটিভি/এসএইচএম