images

আইন-বিচার / রাজনীতি

হাসনাতের আসনে নির্বাচন করতে পারছেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল

বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ , ০৩:৪৯ পিএম

নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে কুমিল্লা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী যে রিট করেছিলেন, তা খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে, এই আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আর লড়তে পারছেন না তিনি।  

বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি অনুষ্ঠিত হয়।

এর আগে, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।

আরও পড়ুন
999

৯৯৯ নম্বরে কল দিয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি নাগরিকের

আপিল আবেদনে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী তার হলফনামায় ঋণখেলাপ সংক্রান্ত তথ্য গোপন করেছেন। গত ১৭ জানুয়ারি নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে হাসনাত আবদুল্লাহর আবেদন মঞ্জুর করে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে দেয় নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তের বৈধতা ও আইনগত ভিত্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী।

রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অপরদিকে হাসনাত আবদুল্লাহর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

আরটিভি/এসএইচএম