images

আইন-বিচার

নিয়োগ পেয়েই কড়া বার্তা দিলেন নতুন চিফ প্রসিকিউটর

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০৫:০০ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় নতুন চিফ প্রসিকিউটর হিসেবে আইনজীবী মো. আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নতুন এই নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ।

এদিকে নিয়োগ পেয়েই কড়া এক বার্তা দিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর। সোমবার বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বার্তা দেন তিনি।

নতুন চিফ প্রসিকিউটর বলেন, আজ আমি দায়িত্ব পেলাম। এই ট্রাইব্যুনালের সব কার্যক্রম দেখবো। তবে, একটা কথা বলতে চাই যে, যেসব অপরাধীরা বিচারের সম্মুখীন তাদের জন্য সুস্পষ্ট বার্তা হলো যারা কোনো অন্যায় করেননি, তারা প্রসিকিউশনের মাধ্যমে কোনো হয়রানির শিকার হবেন না। কিন্তু, যারা প্রকৃত অপরাধী তাদের বার্তা দিতে চাই যে, তাদের প্রাপ্য সাজা পেতে হবে।

আরও পড়ুন
president6

রাষ্ট্রপতিকে না জানিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে অন্তর্বর্তী সরকার!

অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের দায়িত্বভার গ্রহণের পর মনে হয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা অনুযায়ী নিজের কর্তব্য যেন পালন করতে পারি, সে চেষ্টা করবো। একইসঙ্গে দক্ষতা, মেধা ও জ্ঞান দিয়ে মামলাগুলো পরিচালনা করার চেষ্টা করবো। এজন্য সবার সহযোগিতা চাই।

তিনি বলেন, কারও প্রতি কোনো বিদ্বেষমূলক মনোভাব পোষণ না করে আইনের প্রত্যাশা অনুযায়ী এই বিচারকার্য পরিচালনা হবে। আমাদের মাধ্যমে কারও প্রতি কোনো বিদ্বেষ থাকবে না।

বিচারের গতি আরও বাড়ার প্রত্যাশা রেখে নতুন চিফ প্রসিকিউটর বলেন, চলমান বিচারের গতি কমার সুযোগ নেই। বরং প্রসিকিউশনের মাধ্যমে এ গতি আরও বাড়বে। কারণ, দেশের গতি বাড়ানোর জন্যই ক্ষমতায় এসেছে দলীয় সরকার।

আরটিভি/এসএইচএম