images

আইন-বিচার / দেশজুড়ে

অনলাইন জুয়া ও পর্ন আসক্ত ছেলের বিরুদ্ধে বাবার মামলা

সোমবার, ০৩ আগস্ট ২০২৬ , ০২:২৯ এএম

যশোরে অনলাইন জুয়া ও পর্নোগ্রাফিতে আসক্ত ছেলের অনবরত নির্যাতনে অতিষ্ঠ হয়ে নিজের সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক বৃদ্ধ বাবা।

রোববার (২ আগস্ট) যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জুয়ার টাকার জন্য প্রতিনিয়ত ঘরের আসবাবপত্র ভাঙচুর ও মাকে মারধরের অভিযোগে মামলা করেছেন যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামের দিনমজুর বাবা তরিকুল ইসলাম।

বিচারের প্রথম দিনই অভিযোগের গুরুত্ব বিবেচনা করে বিচারক সঞ্জয় পাল মামলাটি আমলে নেন এবং অভিযুক্ত আজিম উদ্দিনের বিরুদ্ধে তাৎক্ষণিক গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

মামলায় তরিকুল ইসলাম উল্লেখ করেন, তিনি পেশায় একজন দিনমজুর। ছেলে আজিম কোনো কাজকর্ম করে না। কিছুদিন ধরে তার আচরণে অদ্ভুত পরিবর্তন দেখা যায়। সারাদিন ঘরের দরজা বন্ধ করে মোবাইলে মগ্ন থাকত সে। পরে তরিকুল ইসলাম ও তার স্ত্রী বিউটি বেগম নিশ্চিত হন যে, আজিম মারাত্মকভাবে অনলাইন জুয়া ও পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছে।

আরও পড়ুন
Web-Image---Copy

ময়মনসিংহে শপু হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন

জানা গেছে, জুয়া খেলার জন্য আজিম প্রতিদিন বাবা-মায়ের কাছে ১ হাজার টাকা করে দাবি করতে শুরু করে। অভাবের সংসারে দিনমজুর বাবার পক্ষে সেই টাকা দেওয়া অসম্ভব হয়ে পড়লে সে ঘরে তাণ্ডব চালাতে থাকে। সর্বশেষ গত ১৫ জুলাই বিকেলে আজিম পুনরায় টাকা দাবি করলে তার বাবা অসহায়ত্ব প্রকাশ করে বলেন, কোথায় পাব টাকা? তুই তো আমাদের জীবন শেষ করে দিলি। এ কথা শোনামাত্র আজিম মারাত্মক ক্ষিপ্ত হয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর শুরু করে। এ সময় মা বিউটি বেগম বাধা দিতে এলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে। একপর্যায়ে ঘরে গচ্ছিত রাখা ৫ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় আজিম।

ঘটনার পর স্থানীয় সামাজিক বিচারে বিষয়টির কোনো সমাধান না পেয়ে বাধ্য হয়ে আদালতের আশ্রয় নেন তরিকুল ইসলাম।

আরটিভি/এমএইচজে