images

লাইফস্টাইল / পরামর্শ

বারবার মাথার চুল ন্যাড়া করালেই কী শিশুর চুল ঘন হয়?

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ০৪:৫০ পিএম

বাড়ির বড়দের মুখে প্রায়ই শোনা যায়, ন্যাড়া করলেই শিশুর চুল ঘন হবে। প্রথমে শুনতে হাস্যকর মনে হলেও, এই প্রচলিত বিশ্বাসের কারণে অনেক মা-বাবাই তাদের ছোট শিশুর মাথা বারবার কামিয়ে দেন। তবে প্রশ্ন হলো, আসলেই কি ন্যাড়া করলে শিশুর চুল ঘন হয়? চিকিৎসকদের মতে, এটি আসলে একটি প্রচলিত ধারণা। যার পেছনে শক্ত কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।     

বিশেষজ্ঞরা বলছেন, শিশুর মাথা ন্যাড়া  করলেই যে চুল ঘন হবে, এমনটি নয়। কারণ চুলের ঘনত্ব নির্ভর করে মূলত জিনগত বৈশিষ্ট্য এবং হেয়ার ফলিকলের ওপর। ন্যাড়া  করার সময় শুধু মাথার ত্বকের ওপরের অংশের চুল কাটা পড়ে কিন্তু ত্বকের নিচে থাকা হেয়ার ফলিকলের গঠনে কোনো পরিবর্তন ঘটে না। ফলে বারবার চুল কামালেও চুলের ঘনত্ব বাড়ে না।  

চুল আসলে গজায় মাথার ত্বকের কয়েক মিলিমিটার নিচে থাকা ফলিকল থেকে। তাই চুল কামানো মানে কেবল ওপরের অংশটি সরানো এর ফলে চুলের ঘনত্ব বা বৃদ্ধির ধরনে কোনো পরিবর্তন আসে না।

চিকিৎসকদের মতে, শিশুর চুল কতটা ঘন হবে তা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর নির্ভর করে।

জন্মের সময়ের হরমোনের প্রভাব

শিশুর জন্মের সময় যে চুল দেখা যায়, তা অনেকটাই নির্ভর করে মায়ের শরীরের হরমোনের ভারসাম্যের ওপর। সাধারণত জন্মের তিন মাস পর এই চুল ঝরতে শুরু করে এবং প্রায় নয় মাস বয়সের পর নতুন চুল গজায়। তাই জন্মের সময় মাথাভর্তি চুল থাকলেই ভবিষ্যতে চুল খুব ঘন হবে, এমন ধারণা ঠিক নয়।

আরও পড়ুন
Web-Image---Copy

হাম হলে শিশুকে কী খাওয়াবেন, কী এড়িয়ে চলবেন: বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ

পুষ্টিকর খাবারের গুরুত্ব

শিশুর চুলের স্বাস্থ্য অনেকটাই নির্ভর করে তার খাদ্যাভ্যাসের ওপর। খাবারে পর্যাপ্ত প্রোটিন, আয়রন, বায়োটিন জিঙ্ক থাকা জরুরি। এজন্য শিশুর খাদ্যতালিকায় পালংশাক, ডাল, মাছ, ডিম রাগির মতো খাবার রাখা ভালো। এছাড়া কুমড়ার বীজ পাঁঠার মাংসে থাকা জিঙ্কও চুলের বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে।

জিনগত প্রভাব

শিশুর চুল ঘন হবে কি না, তা অনেকটাই নির্ভর করে বাবামায়ের জিনের ওপর। যদি বাবামায়ের চুল স্বাভাবিকভাবেই পাতলা হয়, তবে শিশুর ক্ষেত্রেও একই বৈশিষ্ট্য দেখা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।

মাথার ত্বকের যত্ন

শিশুর চুল সুস্থ রাখতে মাথার ত্বকের যত্ন নেওয়াও গুরুত্বপূর্ণ। নিয়মিত নারিকেল তেল দিয়ে হালকা মালিশ করলে মাথার ত্বক ভালো থাকে। পাশাপাশি সপ্তাহে কয়েক দিন মাথা পরিষ্কার করলে ত্বক পরিষ্কার থাকে এবং চুলের স্বাভাবিক বৃদ্ধি সহজ হয়।

বিশেষজ্ঞদের মতে, শিশুর চুল ঘন করার জন্য বারবার ন্যাড়া  করার প্রয়োজন নেই। বরং সঠিক পুষ্টি, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্বাভাবিক যত্নই শিশুর চুলের স্বাস্থ্য ভালো রাখতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে।

 

আরটিভি/জেএমএ