রোববার, ১২ এপ্রিল ২০২৬ , ১০:৫৮ এএম
বসন্তের শুরু হতেই বাজারে যেন সজনে ডাঁটার ছড়াছড়ি। কোথাও মাছের ঝোলের সঙ্গে ডুব দিয়ে আছে, কোথাও আবার সরিষার ঝাঁজে রাজত্ব করছে। রান্নাঘরে ঢুকলেই যেন তারই জয়জয়কার। একবার ঢুকেছে তো সব পদেই ঢুকে পড়বে। স্বাদে ভরপুর এই সবজি শুধু জিভের বন্ধু নয়, শরীরেরও দারুণ সঙ্গী। গরমে শরীরকে একটু আরাম দিতে, হালকা রাখতে সজনে ডাঁটার জুড়ি নেই। তাই খেতে মজা আর গরমে উপকার, দুই দিক থেকেই এটি উপকারি।
পুষ্টিবিদদের মতে, সজনে ডাঁটায় রয়েছে প্রোটিন, ফ্যাট, ভিটামিন, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট, কপার ও ফসফরাসসহ নানা গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। গরমে সংক্রমণ ও অসুস্থতার ঝুঁকি বেড়ে যাওয়ায় নিয়মিত খাদ্যতালিকায় এই সবজি রাখার পরামর্শ দেওয়া হয়।
পানিশূন্যতার ঝুঁকি কমায়
সজনে ডাঁটায় পানির পরিমাণ অনেক বেশি থাকে। ফলে এটি শরীরে পানির ঘাটতি পূরণে সাহায্য করে। গরমে শরীর ঠান্ডা রাখতেও এই সবজির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত খেলে পানিশূন্যতার ঝুঁকি কমে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
গরমে ঘাম বেশি হওয়ায় শরীর দুর্বল হয়ে পড়ে। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। সজনে ডাঁটায় থাকা পুষ্টি উপাদান শরীরকে বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি দেয়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে।
হজমশক্তি উন্নত করে
গরমে হজমের সমস্যা খুব সাধারণ একটি বিষয়। বাইরের খাবার খেলে এই সমস্যা আরও বেড়ে যেতে পারে। নিয়মিত সজনে ডাঁটা খেলে হজম ভালো থাকে। এতে পেটের নানা সমস্যা কমে যায়।
গরমে শরীর সুস্থ ও স্বাভাবিক রাখতে সজনে ডাঁটা একটি উপকারী খাবার। তাই গরমের খাদ্যতালিকায় এই পুষ্টিকর সবজিটি রাখতে পারেন নিশ্চিন্তে।
আরটিভি/জেএমএ