images

লাইফস্টাইল / রেসিপি

বৈশাখের পাতে ইলিশের ৩ মজাদার আয়োজন

রোববার, ১২ এপ্রিল ২০২৬ , ০৩:৪৭ পিএম

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ মানেই আনন্দ, নতুন পোশাক আর জমজমাট খাবারের আয়োজন। এই দিনে পান্তা ভাতের সঙ্গে ইলিশ না থাকলে যেন উৎসবই অসম্পূর্ণ মনে হয়। তাই বর্ষবরণের দিনে অনেকেই পাতে রাখেন সুস্বাদু ইলিশের নানা পদ।

ইলিশের স্বাদ ও ঘ্রাণ এমনিতেই সবার প্রিয়। পহেলা বৈশাখে এই মাছের চাহিদাও বেড়ে যায় কয়েক গুণ। ঘরেই সহজে তৈরি করা যায় ইলিশের কয়েকটি মজাদার পদ। যা পান্তা ভাত কিংবা গরম ভাতের সঙ্গে দারুণ মানিয়ে যায়। জেনে নিন ইলিশের তিনটি জনপ্রিয় পদের কথা।

লেবুপাতায় ইলিশ ভুনা

উপকরণ

১. ইলিশ মাছ ছোট করে কাটা ২ কাপ
২. লেবুপাতা ৫-৬টি
৩. পেঁয়াজ কুচি ১ কাপ
৪. কাঁচা মরিচের ফালি ৫-৬টি
৫. হলুদ গুঁড়া আধা চা চামচ
৬. মরিচ গুঁড়া ১ চা চামচ
৭. জিরার গুঁড়া আধা চা চামচ
৮. তেল আধা কাপ
৯. লবণ পরিমাণমতো
১০. লেবুর রস ১ টেবিল চামচ
১১. চিনি ১ চা চামচ ও
১২. টমেটো সস ২ টেবিল চামচ।

পদ্ধতি

প্রথমে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিতে হবে। এরপর হলুদ, মরিচ ও জিরার গুঁড়া দিয়ে মসলা ভালোভাবে কষাতে হবে। এতে টমেটো সস দিয়ে কিছুক্ষণ নেড়ে ইলিশ মাছ দিয়ে ভুনে নিতে হবে। এরপর সামান্য পানি দিয়ে রান্না করতে হবে। ঝোল কমে এলে চিনি, লেবুর রস, কাঁচা মরিচ ও লেবুপাতা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুগন্ধি লেবুপাতায় ইলিশ ভুনা।

আরও পড়ুন
Web-Image---Copy

ঘরেই বানান মজাদার পকেট চিকেন শর্মা

ইলিশের মালাইকারি

উপকরণ

১. ইলিশ মাছ মাঝারি আকারের ১টি
২. টকদই সিঁকি কাপ
৩. নারকেলের দুধ ২ কাপ
৪. আদা বাটা ১ চা চামচ
৫. জিরা বাটা আধা চা চামচ
৬. পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ
৭. কাঠবাদাম বাটা ১ টেবিল চামচ
৮. কিশমিশ বাটা ১ টেবিল চামচ
৯. হলুদ গুঁড়া আধা চা চামচ
১০. মরিচ গুঁড়া ১ চা চামচ
১১. কাঁচা মরিচের ফালি ৪-৫টি
১২. পেঁয়াজ কুচি ১ কাপ
১৩. পেঁয়াজ বেরেস্তা সিঁকি কাপ
১৪. লবণ পরিমাণমতো
১৫. চিনি ২ চা চামচ ও
১৬. তেল পরিমাণমতো।

পদ্ধতি

কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিতে হবে। এরপর পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে মসলা কষাতে হবে। মসলা ভালোভাবে কষানো হলে এতে ইলিশ মাছ, টক দই ও লবণ দিয়ে কিছুক্ষণ ভুনতে হবে। এরপর নারকেলের দুধ দিয়ে রান্না করতে হবে। ঝোল কিছুটা কমে এলে চিনি ও কাঁচা মরিচ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে শেষে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হবে ইলিশের মালাইকারি।

ভাপে সরিষা ইলিশ

উপকরণ

১. ইলিশ মাছ ৬ টুকরা
২. সরিষা বাটা ১ টেবিল চামচ
৩. পোস্ত বাটা ১ টেবিল চামচ
৪. লাল মরিচ বাটা ২ চা চামচ
৫. হলুদ গুঁড়া ১ চা চামচ
৬. পেঁয়াজ কুচি আধা কাপ
৭. কাঁচা মরিচের ফালি ৫-৬টি
৮. লবণ পরিমাণমতো ও
৯. সরিষার তেল ৪ টেবিল চামচ।

পদ্ধতি

ইলিশ মাছের টুকরোগুলো সরিষা বাটা, পোস্ত বাটা, লাল মরিচ বাটা, হলুদ, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, লবণ ও সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে প্রায় এক ঘণ্টা রেখে দিতে হবে। এরপর একটি পাত্রে মাছগুলো সাজিয়ে সামান্য পানি দিয়ে ঢেকে রাখতে হবে। হাঁড়িতে অল্প পানি দিয়ে তার ওপর মাছের পাত্র বসিয়ে ঢাকনা বন্ধ করে কম আঁচে প্রায় আধা ঘণ্টা রান্না করলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ভাপে সরিষা ইলিশ।

পহেলা বৈশাখের আনন্দকে আরও জমিয়ে তুলতে এই তিন পদ হতে পারে বিশেষ আকর্ষণ। পান্তা কিংবা গরম ভাতের সঙ্গে ইলিশের এই স্বাদ বাঙালির উৎসবকে করে তোলে আরও প্রাণবন্ত।

আরটিভি/জেএমএ