images

লাইফস্টাইল / স্বাস্থ্য পরামর্শ

চিকেনপক্স নাকি হাম? চেনার সহজ উপায়

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১০:১৩ এএম

শিশুর শরীরে হঠাৎ লাল দানা বা ফুসকুড়ি দেখা দিলে অনেক অভিভাবকই দুশ্চিন্তায় পড়ে যান। এটি কি চিকেনপক্স নাকি হাম তা বুঝতে অনেক সময় বিভ্রান্তি তৈরি হয়। দেখতে কিছুটা একই রকম মনে হলেও আসলে এ দুটি ভিন্ন রোগ।

বিশেষজ্ঞরা বলছেন, রোগ দুটির কারণ, লক্ষণ ও জটিলতা আলাদা। তাই পার্থক্য জানা থাকলে দ্রুত সঠিক চিকিৎসা নেওয়া সহজ হয়।

রোগের কারণ

চিকেনপক্স হয় ভ্যারিসেলা-জোস্টার নামের এক ধরনের ভাইরাসের কারণে। অন্যদিকে হাম হয় মিজলস ভাইরাস থেকে। দুটি রোগই সংক্রামক হলেও ভাইরাস ভিন্ন হওয়ায় লক্ষণেও পার্থক্য দেখা যায়।

ফুসকুড়ির ধরন

চিকেনপক্সে সাধারণত ছোট ছোট পানিভরা ফুসকুড়ি দেখা যায়। শরীরের বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন সময়ে ফুসকুড়ি উঠতে পারে এবং এতে তীব্র চুলকানি হয়। অন্যদিকে হামের ক্ষেত্রে লালচে সমতল দানা একসঙ্গে ছড়িয়ে পড়ে এবং সাধারণত চুলকানি কম হয়।

আরও পড়ুন
Web-Image3

শরীরে ভিটামিনের ঘাটতি বুঝবেন যেভাবে

কোথা থেকে শুরু হয়

চিকেনপক্স সাধারণত বুক, পিঠ বা মুখ থেকে শুরু হয়ে পরে সারা শরীরে ছড়িয়ে পড়ে। আর হাম সাধারণত মুখ থেকে শুরু হয়ে ধীরে ধীরে শরীরের নিচের দিকে ছড়ায়।

জ্বর ও অন্যান্য লক্ষণ

চিকেনপক্সে সাধারণত হালকা বা মাঝারি জ্বর এবং শরীর ম্যাজম্যাজ করার মতো অনুভূতি দেখা যায়। অন্যদিকে হামে উচ্চ জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হওয়া এবং মুখের ভেতরে সাদা দাগের মতো লক্ষণ দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, দুটি রোগই শিশুদের মধ্যে দ্রুত ছড়ায়। তবে হাম তুলনামূলকভাবে বেশি সংক্রামক এবং জটিলতার ঝুঁকিও বেশি।

শিশুর জ্বর বেশি হলে, শ্বাস নিতে কষ্ট হলে বা ফুসকুড়ি দ্রুত ছড়িয়ে পড়লে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

চিকেনপক্স ও হাম দেখতে কিছুটা মিল থাকলেও রোগ দুটি আলাদা। তাই সচেতনতা ও টিকা নেওয়ার মাধ্যমে শিশুদের এসব সংক্রামক রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব।

সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা


আরটিভি/জেএমএ