images

লাইফস্টাইল

বিশ্বজুড়ে সাড়া ফেলছে গাবা চা

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ০৯:৩১ এএম

চায়ের কাপে শুধু স্বাদ নয়, লুকিয়ে থাকে আরাম আর প্রশান্তির গল্প। ক্লান্ত দিনের শেষে এক কাপ চা যেন হয়ে ওঠে মন ভালো করার সহজ ওষুধ। বিশ্বজুড়ে নতুন এক ধরনের চা দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। নাম গাবা চা। দাবি করা হচ্ছে, এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে, ঘুম ভালো করে এবং অতিরিক্ত মদ্যপানের পরের অস্বস্তিও কিছুটা কমাতে পারে।

এই চা সাধারণ চায়েরই একটি বিশেষ রূপ। সবুজ চা, কালো চা বা ওলং চা পাতাকে বিশেষভাবে প্রক্রিয়াজাত করে এটি তৈরি করা হয়। এতে থাকে গামা অ্যামিনোবিউটারিক অ্যাসিড নামের একটি প্রাকৃতিক উপাদান। যা মানুষের স্নায়ুতন্ত্রকে শান্ত রাখতে সহায়তা করে। ফলে এটি মানসিক চাপ কমানো ও মন শান্ত রাখার সঙ্গে যুক্ত বলে ধারণা করা হচ্ছে।

গাবা চা তৈরির প্রক্রিয়াটি সাধারণ চায়ের মতো নয়। এখানে চা পাতাকে বাতাসহীন এবং বিশেষ গ্যাসসমৃদ্ধ পরিবেশে রেখে গাঁজন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। এই সময় পাতার ভেতরের কিছু উপাদান পরিবর্তিত হয়ে গাবা নামের উপাদানে রূপ নেয়। এই প্রযুক্তি প্রথম চালু হয় জাপানে, উনিশশো চুরাশি সালে।

আরও পড়ুন
Web-Image.

তাড়াহুড়ো করে খাবার খাচ্ছেন না তো? 

বিশেষজ্ঞদের মতে, এই চায়ের জনপ্রিয়তার মূল কারণ এর সম্ভাব্য উপকারিতা। যেমন—শরীরকে শিথিল করা, ঘুমের মান উন্নত করা, রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করা এবং মানসিক প্রশান্তি দেওয়া। কিছু গবেষণায় দেখা গেছে, গাবা সমৃদ্ধ চা পান করার পর মানুষের মানসিক চাপ দ্রুত কমে। আরেকটি গবেষণায় দীর্ঘদিন পান করার পর রক্তচাপ ও মানসিক প্রশান্তিতে ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। তবে গবেষকরা বলছেন, এসব বিষয়ে আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন।

বাজারে এখন বিভিন্ন ধরনের গাবা চা পাওয়া যায়। এর মধ্যে তাইওয়ানের গাবা ওলং চা সবচেয়ে জনপ্রিয়। পাশাপাশি গাবা সবুজ চা এবং গাবা কালো চাও পাওয়া যায়। যেগুলোর স্বাদ ও বৈশিষ্ট্য আলাদা।

তবে চিকিৎসকদের মতে, এটি পরিমিত পরিমাণে পান করা উচিত। কিছু মানুষের ক্ষেত্রে হালকা ঘুম ঘুম ভাব, রক্তচাপ কমে যাওয়া বা পেটের অস্বস্তি দেখা দিতে পারে। যারা রক্তচাপ বা স্নায়বিক সমস্যার ওষুধ গ্রহণ করছেন, তাদের বিশেষ সতর্ক থাকা প্রয়োজন।


আরটিভি/জেএমএ