শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ০১:৩৫ পিএম
বাজার থেকে নতুন তোয়ালে বা গামছা কিনে এনে অনেকেই না ধুয়েই ব্যবহার শুরু করেন। দেখতে নতুন ও পরিষ্কার মনে হলেও বিশেষজ্ঞরা বলছেন, এটি ত্বকের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
নতুন তোয়ালে বা গামছায় এক ধরনের আলাদা গন্ধ থাকে। বিভিন্ন রঙের কাপড়ে সেই গন্ধও ভিন্ন হয়। কারণ তৈরির সময় কাপড়ে নানা ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়। এসব রাসায়নিক ত্বকে লাগলে অস্বস্তি বা সমস্যার কারণ হতে পারে।
এছাড়া দোকানে তোয়ালে বা গামছা কীভাবে রাখা হয়, সেটিও অনেক সময় জানা থাকে না। অনেক দোকানে কাপড় ঝুলিয়ে রাখা হয়। ফলে সেখানে ধুলাবালি জমতে পারে। আবার কেনার সময় অনেকেই নোংরা হাতেই কাপড় ধরেন। তাই নতুন তোয়ালে বা গামছাতেও ময়লা ও জীবাণু থাকতে পারে।
বিশেষজ্ঞদের মতে, না ধুয়ে তোয়ালে বা গামছা ব্যবহার করলে ত্বকে সংক্রমণের ঝুঁকি বাড়ে। এতে ত্বকে চুলকানি, লালচে দাগ বা জ্বালা অনুভূত হতে পারে। শুধু তাই নয়, নতুন কাপড় প্রথমে ঠিকমতো পানি শোষণও করতে পারে না। তাই ব্যবহারের আগে ধুয়ে নেওয়া সবচেয়ে নিরাপদ।
কীভাবে ধুবেন নতুন তোয়ালে বা গামছা?
নতুন তোয়ালে বা গামছা কেনার পরই শক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার না করাই ভালো। এতে কাপড়ের গুণাগুণ নষ্ট হতে পারে। প্রথমে হালকা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এতে কাপড় নরম হয়ে যাবে।
এরপর হালকা সাবান দিয়ে ধুয়ে নিতে পারেন। চাইলে ভিনেগার মিশানো পানিতেও কাপড় ধোয়া যায়। ভিনেগারের অম্লীয় উপাদান কাপড়ে থাকা রাসায়নিক ভেঙে ফেলতে সাহায্য করে।
এভাবে ধুয়ে নিলে নতুন তোয়ালে বা গামছার গন্ধ, জীবাণু ও ময়লা সহজেই পরিষ্কার হয়ে যায়। ফলে তা ত্বকের জন্যও নিরাপদ হয়ে ওঠে।
আরটিভি/জেএমএ