শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ০৮:৩১ এএম
গরম পড়তেই অনেকের ত্বকে শুরু হয় নানা সমস্যা। বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত, তাদের জন্য এই সময়টা বেশ ঝামেলার হয়ে ওঠে। অতিরিক্ত তেল, ব্রণ বা মুখের অস্বস্তি। এসব সমস্যা গরমে আরও বেড়ে যায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, সঠিক যত্ন নিলে তৈলাক্ত ত্বকও রাখা যায় সুস্থ ও সতেজ।
ত্বক বিশেষজ্ঞদের মতে, তৈলাক্ত ত্বকের কিছু সমস্যার পাশাপাশি কিছু সুবিধাও রয়েছে। এই ধরনের ত্বকে প্রাকৃতিক আর্দ্রতা বেশি থাকে। ত্বকের ছিদ্র থেকে যে তেল বের হয়, তা ত্বককে শুষ্ক হতে দেয় না। ফলে ত্বক সহজে রুক্ষ হয় না এবং বলিরেখাও তুলনামূলক কম পড়ে।
বিশেষজ্ঞরা বলছেন, তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে অতিরিক্ত প্রসাধনী ব্যবহার করা ঠিক নয়। এতে ত্বকের সমস্যা বাড়তে পারে। রাতে ঘুমানোর আগে হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করলেই যথেষ্ট। খুব বেশি পণ্য ব্যবহার করার প্রয়োজন নেই।
ঘরোয়া উপায়েও তৈলাক্ত ত্বকের যত্ন নেওয়া যায়। লেবু এই ক্ষেত্রে খুবই উপকারী একটি উপাদান। লেবুতে থাকা উপাদান ত্বকের অতিরিক্ত তেল কমাতে সাহায্য করে এবং ব্রণের ঝুঁকিও কমায়।
ত্বকের মরা কোষ দূর করতে লেবুর রসের সঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে হালকা করে ত্বকে লাগানো যেতে পারে। কিছু সময় রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেললে ত্বক পরিষ্কার ও সতেজ লাগে। এরপর ত্বকে গোলাপজল ব্যবহার করলে ত্বক আরও ভালো থাকে।
শুধু বাহ্যিক যত্ন নয়, শরীরের ভেতর থেকেও ত্বকের যত্ন নেওয়া জরুরি। গরমের সময়ে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন। পাশাপাশি খাবারের তালিকায় সবুজ শাকসবজি ও বিভিন্ন ফল রাখলে ত্বক সুস্থ থাকে।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত যত্ন আর সামান্য সচেতনতাই গরমের সময় তৈলাক্ত ত্বককে রাখতে পারে পরিষ্কার, সতেজ ও উজ্জ্বল।
আরটিভি/জেএমএ