শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ১১:৩৯ এএম
গরম পড়লেই অনেকের হঠাৎ নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। এতে অনেকেই ভয় পেয়ে যান। তবে চিকিৎসকদের মতে, গরমের সময় এই সমস্যা বেশ সাধারণ হলেও বারবার হলে তা শরীরের ভেতরের সমস্যার ইঙ্গিত দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, প্রচণ্ড গরম, বাতাসে আর্দ্রতার ঘাটতি, শরীরে পানির অভাব, ধুলো ও দূষণের কারণে নাকের ভেতরের সূক্ষ্ম রক্তনালীগুলো দুর্বল হয়ে যায়। ফলে সামান্য চাপে সেগুলো ফেটে রক্তপাত হতে পারে।
গরমের সময় বাতাস শুষ্ক হয়ে যায়। এতে নাকের ভেতরের নরম আস্তরণ শুকিয়ে ফেটে যেতে পারে। এটিই নাক দিয়ে রক্ত পড়ার অন্যতম বড় কারণ। দীর্ঘ সময় ঠান্ডা যন্ত্রের মধ্যে থাকলেও এই শুষ্কতা আরও বাড়তে পারে।
এছাড়া অতিরিক্ত গরমে শরীর থেকে প্রচুর ঘাম বের হয়। এতে শরীরে পানির ঘাটতি দেখা দেয়। এর প্রভাব পড়ে নাকের ভেতরের সুরক্ষা স্তরেও। শুকিয়ে যাওয়া এই স্তর সহজেই ক্ষতিগ্রস্ত হয়।
গরমে ধুলো ও দূষণের পরিমাণও বেড়ে যায়। এতে অনেকের অ্যালার্জি বাড়ে। বারবার হাঁচি দেওয়া, নাক ঝাড়া বা নাক ঘষার কারণে ভেতরের সূক্ষ্ম টিস্যুতে আঘাত লাগে এবং রক্ত পড়তে পারে। শিশুদের মধ্যে নাক খোঁচানোর অভ্যাস থেকেও এই সমস্যা বেশি দেখা যায়।
চিকিৎসকদের মতে, শিশু ও বয়স্কদের মধ্যে এই ঝুঁকি বেশি থাকে। এছাড়া যাদের অ্যালার্জি, সাইনাসের সমস্যা বা উচ্চ রক্তচাপ রয়েছে। তাদের ক্ষেত্রেও নাক দিয়ে রক্ত পড়ার প্রবণতা বেশি হতে পারে।
তবে কিছু লক্ষণ দেখা দিলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে। যেমন দীর্ঘ সময় রক্তপাত বন্ধ না হওয়া, বারবার একই সমস্যা হওয়া, খুব বেশি রক্ত পড়া, আঘাতের পর রক্তপাত বা মাথা ঘোরা। এসব হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
বিশেষজ্ঞরা বলছেন, গরমে কিছু সহজ অভ্যাস মেনে চললে এই ঝুঁকি অনেকটাই কমানো যায়। পর্যাপ্ত পানি পান করা, নাক ভেজা রাখা, ধুলো থেকে নিজেকে সুরক্ষিত রাখা এবং অযথা নাক খোঁচানো বা ঘষা এড়িয়ে চলা জরুরি।
নাক দিয়ে রক্ত পড়লে আতঙ্কিত না হয়ে সোজা হয়ে বসতে হবে এবং সামান্য সামনে ঝুঁকে থাকতে হবে। এরপর নাকের নরম অংশ কয়েক মিনিট চেপে ধরে মুখ দিয়ে শ্বাস নিতে হবে। এতে বেশিরভাগ ক্ষেত্রেই রক্তপাত বন্ধ হয়ে যায়।
আরটিভি/জেএমএ