images

লাইফস্টাইল / গৃহসজ্জা

যত্নের অভাবে মরে যাচ্ছে ইনডোর প্ল্যান্ট?

রোববার, ১৯ এপ্রিল ২০২৬ , ০৯:০৮ এএম

ফ্ল্যাটবাড়িতে একটু প্রকৃতির ছোঁয়া আনতে অনেকেই ঘরে গাছ রাখেন। যা বেশ জনপ্রিয় ইনডোর প্ল্যান্ট হিসেবে। ছোট টবে সাজানো এই গাছ ঘরের সৌন্দর্য বাড়ায়, মনও ভালো রাখে। কিন্তু অনেক সময় দেখা যায় গাছ দুর্বল হয়ে পড়ে, পাতা ঝরে যায় বা হঠাৎ করেই মরে যায়। মূলত সঠিক যত্নের অভাবেই এমনটা ঘটে।

গাছের যত্ন মানেই শুধু পানি দেওয়া নয়। নিয়ম মেনে যত্ন নিলে ইনডোর প্ল্যান্ট বা ঘরের গাছও অনেক দিন সবুজ ও সতেজ থাকে। 

নিয়মিত পানি দিতে হবে

গাছের মাটি একেবারে শুকিয়ে গেলে গাছ দুর্বল হয়ে যায়। আবার অতিরিক্ত পানি দিলেও ক্ষতি হয়। তাই মাটিকে হালকা স্যাঁতসেঁতে রাখতে হবে। মাটির উপরিভাগে যদি পানি জমে থাকে, তাহলে বুঝতে হবে বেশি পানি দেওয়া হয়েছে। তখন বাড়তি পানি ফেলে দিতে হবে।

মাটির অবস্থা বুঝে পানি

গাছে পানি দেওয়ার আগে মাটির ভেতর আঙুল ঢুকিয়ে দেখুন। যদি মাটি স্যাঁতসেঁতে লাগে, তাহলে পানি দেওয়ার দরকার নেই। আর যদি শুকনো মনে হয়, তখনই পানি দিন।

খুব ঠান্ডা বা গরম পানি নয়

গাছে কখনো খুব ঠান্ডা বা গরম পানি দেওয়া ঠিক নয়। এতে গাছের ক্ষতি হতে পারে। সব সময় ঘরের স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করাই ভালো।

আরও পড়ুন
Web-Image---Copy

ঘর সাজাতে সোফা বেছে নিন বুঝে শুনে

পর্যাপ্ত আলো প্রয়োজন

গাছ এমন জায়গায় রাখতে হবে যেখানে পর্যাপ্ত আলো আসে। কারণ আলো ছাড়া গাছ খাবার তৈরি করতে পারে না। তবে সরাসরি তীব্র রোদে গাছ রাখা ঠিক নয়। ঘরের এমন জায়গায় রাখতে হবে যেখানে নরম আলো পৌঁছায়।

বারবার জায়গা বদল নয়

অনেকে গাছ বারবার এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নেন। এতে গাছ নতুন পরিবেশে মানিয়ে নিতে সময় নেয় এবং বৃদ্ধি কমে যায়। তাই খুব প্রয়োজন না হলে গাছের জায়গা পরিবর্তন না করাই ভালো।

আর্দ্রতা বজায় রাখা জরুরি

গাছ ভালো রাখতে ঘরের বাতাসে কিছুটা আর্দ্রতা থাকা দরকার। গাছে মাঝে মাঝে পানি ছিটিয়ে দিতে পারেন। কয়েকটি গাছ একসঙ্গে রাখলেও আর্দ্রতা বজায় থাকে।

মাটিতে সঠিক সার ব্যবহার

গাছের সুস্থ বৃদ্ধির জন্য মাটিতে প্রয়োজন মতো সার দিতে হবে। তবে টবে যেন পানি বের হওয়ার পথ থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে।

পাতা পরিষ্কার রাখা

গাছের পাতায় ধুলো জমলে গাছ মলিন দেখায় এবং বৃদ্ধি কমে যায়। তাই নরম কাপড় বা ব্রাশ দিয়ে পাতার ধুলো পরিষ্কার করতে হবে।

পোকামাকড় দূর করা

ঘরের গাছে অনেক সময় ছোট ছোট পোকা আক্রমণ করে। এমন হলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে বিশেষ ওষুধ ব্যবহার করা যেতে পারে অথবা কাপড়ে অল্প অ্যালকোহল লাগিয়ে আক্রান্ত পাতায় মুছে দিলেও পোকা কমে যায়।

বিশেষজ্ঞদের মতে, সামান্য যত্ন আর নিয়ম মেনে পরিচর্যা করলে ঘরের গাছ দীর্ঘদিন সবুজ ও সতেজ থাকে।


আরটিভি/জেএমএ