images

লাইফস্টাইল / স্বাস্থ্য পরামর্শ

নিয়ম করে লেবু পানি খেলেই কি কমবে কিডনিতে পাথর? 

রোববার, ১৯ এপ্রিল ২০২৬ , ০৩:১৮ পিএম

কিডনিতে পাথর হওয়ার সমস্যা এখন অনেকের মধ্যেই দেখা যাচ্ছে। ছোট থেকে বড় যে কোনও বয়সেই এই সমস্যা হতে পারে। অনেক সময় পাথর এতটাই বড় হয়ে যায় যে অস্ত্রোপচার ছাড়া তা বের করার উপায় থাকে না। তাই অনেকেই জানতে চান, সহজ কোনও উপায়ে কি এই ঝুঁকি কমানো সম্ভব?

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন লেবু পানি খাওয়ার অভ্যাস কিছু ক্ষেত্রে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। হার্ভার্ড হেলথ পাবলিশিং-এ প্রকাশিত স্বাস্থ্যবিষয়ক এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবুতে থাকা সাইট্রেট নামের একটি লবণ কিডনিতে পাথর তৈরির ঝুঁকি কমাতে ভূমিকা রাখতে পারে।

সাইট্রেট ক্যালসিয়ামের সঙ্গে মিশে এমন এক ধরনের যৌগ তৈরি করে। যা পাথর হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। সাধারণত ক্যালসিয়াম অক্সালেট বা ক্যালসিয়াম ফসফেট জমে কিডনিতে পাথর তৈরি হয়। কিন্তু সাইট্রেট সেই জমাট বাঁধার প্রক্রিয়াকে বাধা দিতে পারে।

বিশেষজ্ঞরা বলেন, লেবু পানি খেলে প্রস্রাবের পরিমাণ বাড়ে। ফলে শরীর থেকে খনিজ পদার্থ সহজে বের হয়ে যায়। ফলে পাথর তৈরির সম্ভাবনা কিছুটা কমতে পারে।

আরও পড়ুন
Web-Image

রাতে ঘুম না আসলে কী করবেন, কী করবেন না! 

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পর্যাপ্ত পানি পান করা। চিকিৎসকদের মতে, শরীরে পানি কম থাকলে প্রস্রাব ঘন হয়ে যায়। তখন বিভিন্ন খনিজ জমে গিয়ে পাথর তৈরির ঝুঁকি বাড়ে। লেবু পানি খাওয়ার ফলে শরীরে পানি গ্রহণও বাড়ে। যা পরোক্ষভাবে কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে।

তবে ২০২১ সালে চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য লেন্সেটে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, টাটকা লেবুর রস কিছু ক্ষেত্রে ক্যালসিয়াম অক্সালেট ধরনের পাথর তৈরি কমাতে সাহায্য করতে পারে। তবে বিষয়টি নিশ্চিতভাবে প্রমাণের জন্য আরও গবেষণা প্রয়োজন।

এদিকে বিশেষজ্ঞরা সতর্কও করেছেন। ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, লেবুর রস পরিমিত পরিমাণে এবং পর্যাপ্ত জলের সঙ্গে খেলে উপকার পাওয়া যায়। কিন্তু অতিরিক্ত লেবুর রস খেলে প্রস্রাবের অম্ল-ক্ষারের ভারসাম্য নষ্ট হতে পারে। 

কিডনি বিশেষজ্ঞরা বলেন, লেবুর রস পাথর তৈরি হওয়ার ঝুঁকি কিছুটা কমাতে সাহায্য করতে পারে। তবে এটি বড় পাথর গলিয়ে ফেলতে পারে না। তাই কিডনিতে পাথর হলে শুধু লেবুর রসের ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

চিকিৎসকদের মতে, যাদের অম্বল বা দীর্ঘমেয়াদি কিডনির সমস্যা আছে, তাদের বেশি লেবুর রস খাওয়া উচিত নয়। তাই কিডনি ভালো রাখতে চাইলে নিয়মিত পর্যাপ্ত পানি পান, সুষম খাদ্যাভ্যাস এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শই সবচেয়ে গুরুত্বপূর্ণ।


আরটিভি/জেএমএ