রোববার, ২৬ এপ্রিল ২০২৬ , ১০:১২ এএম
কানে হালকা চুলকানি অনেকেই সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যান। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই ছোট উপসর্গের পেছনে লুকিয়ে থাকতে পারে নানা জটিল রোগের ইঙ্গিত।
চিকিৎসকদের ভাষায়, কানে চুলকানির অন্যতম কারণ হলো ছত্রাক সংক্রমণ। এসব ছত্রাক শরীরের অন্যান্য অংশেও রোগ সৃষ্টি করতে পারে, যেমন দাদ। গবেষণায় দেখা গেছে, অধিকাংশ ক্ষেত্রে অ্যাসপারজিলাস নাইজার নামের ছত্রাক এই সমস্যার জন্য দায়ী। এছাড়া ক্যানডিডা অ্যালবিকানসসহ আরও কিছু ছত্রাকও এর কারণ হতে পারে।
অনেক সময় অতিরিক্ত কানের ময়লা পরিষ্কার করতে গিয়ে কানের ভেতরের সংবেদনশীল ত্বক ক্ষতিগ্রস্ত হয়। এতে সহজেই সংক্রমণ তৈরি হতে পারে। আবার দাঁত পরিষ্কারের কাঠি বা অন্য কিছু দিয়ে কান খোঁচানোর অভ্যাসও কানের জন্য বিপজ্জনক বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
শুধু সংক্রমণ নয়, অ্যালার্জি বা অতিরিক্ত শুষ্ক কানের কারণেও এই সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যাদের খাবারে অ্যালার্জি আছে, তাদের মধ্যে কানে চুলকানি বেশি দেখা যায়।
চিকিৎসকদের মতে, মাঝে মধ্যে হালকা চুলকানি স্বাভাবিক হলেও বারবার হলে তা অবহেলা করা উচিত নয়। কারণ এটি কানের ইনফেকশন বা অন্য রোগের প্রাথমিক সংকেত হতে পারে।
সমাধান হিসেবে প্রাথমিকভাবে নারকেল তেল, অলিভ অয়েল বা সরিষার তেল ব্যবহার করা যেতে পারে। তবে সমস্যা না কমলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রয়োজনে বিশেষ ড্রপ বা ছত্রাকবিনাশী ওষুধ ব্যবহার করা হয়।
বিশেষজ্ঞরা আরও সতর্ক করে বলেন, ওষুধ ব্যবহারের ক্ষেত্রে সঠিক উপাদান ও নির্দেশনা জানা খুব গুরুত্বপূর্ণ। ভুল ওষুধ বা অতিরিক্ত ব্যবহার কানের ক্ষতি বাড়িয়ে দিতে পারে।
তাই কানে চুলকানি হলে শুধু উপশম নয়, এর কারণ খুঁজে বের করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমনটাই মত চিকিৎসকদের।
আরটিভি/জেএমএ