মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ০৯:০৯ এএম
তীব্র গরমের পর হঠাৎ ঝুম বৃষ্টি মনে এনে দেয় স্বস্তি আর প্রশান্তি। তবে টানা বৃষ্টিতে ঘরে বসে থাকতে থাকতে অনেক সময়ই ভর করে একঘেয়েমি। বাইরে যাওয়া সম্ভব নয়, সময় যেন কাটতেই চায় না। কিন্তু একটু পরিকল্পনা করলেই বৃষ্টিভেজা দিনটাকে করে তোলা যায় দারুণ উপভোগ্য।
বৃষ্টির দিনে ঘরে বসেই সুন্দর সময় কাটানোর কিছু সহজ উপায় জানিয়েছে জীবনযাপন বিশেষজ্ঞরা।
প্রথমেই আসতে পারে গান আর ফুলের কথা। বৃষ্টির আবহে মন ভালো করতে চালিয়ে দিতে পারেন বর্ষার গান। ঘরে রাখতে পারেন তাজা ফুল, আর না থাকলে সুগন্ধি ছিটিয়েও তৈরি করতে পারেন মন ভোলানো পরিবেশ। এতে মুহূর্তেই বদলে যাবে মন।
এরপরই খাবারের আয়োজন। বৃষ্টির দিনে একটু গরম গরম খাবার যেন আনন্দ দ্বিগুণ করে দেয়। খিচুড়ি, স্যুপ, নুডলস, মসলা চা বা মুড়ি-চানাচুর—সহজ কিছু খাবারেই জমে উঠতে পারে পরিবারের সঙ্গে সময় কাটানো।
বৃষ্টিভেজা বিকেলে বারান্দায় বসে চা আর কবিতা। এ যেন আলাদা এক আনন্দ। হালকা ঠান্ডা হাওয়া, সঙ্গে প্রিয় কবিতার লাইন আর গল্পের আড্ডা। সব মিলিয়ে তৈরি হয় অন্যরকম এক পরিবেশ।
ব্যস্ততার কারণে প্রিয়জনদের সময় দিতে না পারলে এই দিনেই লিখে ফেলতে পারেন একটি মনের কথা ভরা চিঠি। আর পরিবারের সবাই মিলে খেলতে পারেন লুডু, দাবা বা কেরামের মতো ঘরের খেলা। যা মুহূর্তেই আনন্দে ভরিয়ে দেবে চারপাশ।
চাইলেই একটু বৃষ্টিতেও ভিজে নিতে পারেন। সরাসরি না ভিজে ছাতা নিয়ে দাঁড়িয়ে বা বারান্দা থেকে হাত বাড়িয়ে উপভোগ করতে পারেন বৃষ্টির শীতল স্পর্শ।
তাই বৃষ্টি মানেই শুধু ঘরে বসে থাকা নয়, বরং একটু ভিন্নভাবে ভাবলেই এই সময়টাই হয়ে উঠতে পারে সবচেয়ে সুন্দর, শান্ত আর আনন্দের মুহূর্ত।
আরটিভি/জেএমএ