মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১০:৪৮ এএম
চলছে বৈশাখ মাস। গরমে যেমন হাঁসফাঁস অবস্থা তেমনি যেকোনো সময় নামতে পারে প্রশান্তির বৃষ্টি। তখন হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে বিরক্তির শেষ থাকে না। চলুন জেনে নেওয়া যাক হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে করণীয়-
শুকনো পোশাক পরুন
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে দ্রুত বাসায় যান। ভেজা পোশাক, মোজা এবং জুতা ইত্যাদি দ্রুত বদলে নিন। যদি তা সম্ভব না হয় তাহলে ফ্যানের বাতাসে শুকিয়ে নিন। অথবা অফিসের ডেস্কে বাড়তি এক সেট পোশাক রেখে দিন। যেন প্রয়োজন হলে দ্রুত বদলে নিতে পারেন। এতে সর্দি-জ্বর হওয়ার ঝুঁকি কমে যাবে।
কুসুম গরম পানিতে গোসল
কুসুম গরম পানি দিয়ে গোসল করে নিন। সেইসঙ্গে চুলও ভালো করে ধুয়ে নেবেন। এর ফলে শরীরের তাপমাত্রা স্বাভাবিক হবে এবং বৃষ্টির পানিতে থাকা ব্যাকটেরিয়া বা দূষণকারী পদার্থও ধুয়ে ফেলা যাবে সহজেই।
ভেজা চুল শুকান
ভেজা চুল থেকেও নানা অসুখ বাঁধতে পারে। মাথাব্যথা, সাইনাস কিংবা সর্দিজ্বর এক্ষেত্রে সাধারণ। তাই গোসলের পর চুল ভেজা রাখবেন না, যত দ্রুত সম্ভব শুকিয়ে নিন। এমনকি ভেজা অবস্থা চুলে চিরুনি কিংবা তেলও ব্যবহার করবেন না। ভেজা চুল অনেকটাই নরম থাকে, তখন চিরুনির স্পর্শে তা ভেঙে যেতে পারে। আর ভেজা অবস্থায় চুলে তেল ব্যবহার করলে তা স্ক্যাল্পের পরিবেশ স্যাঁতস্যাঁতে করে তোলে।
হাত-পা ও নখ পরিষ্কার করুন
যদি বৃষ্টির কারণে আপনাকে কাদা-পানির মধ্যে দিয়ে হেঁটে আসতে হয়, তাহলে বাড়িতে ফিরে দ্রুত সাবান দিয়ে হাত-পা পরিষ্কার করে নিতে হবে। পায়ের বৃদ্ধাঙ্গুলির নখের কোণা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। কেননা এতে জমে থাকা থেকে নখকুনি হতে পারে। অবহেলা করলে বড় সমস্যাও দেখা দিতে পারে। ত্বকের সংক্রমণ রোধ করতে স্যানিটাইজার ব্যবহার করতে হবে। পরিচ্ছন্ন থাকলে রোগ-জীবাণু সহজে আক্রমণ করতে পারবে না।
লাল চা কিংবা গরম পানীয় পান
বৃষ্টি হলে স্বাভাবিকভাবেই বাইরের তাপমাত্রা কমে যায়। এ সময় আপনাকে আরাম দিতে পারে এককাপ গরম চা, কফি কিংবা উপকারী যেকোনো পানীয়। শরীরের উষ্ণতা স্বাভাবিক রাখতে এককাপ আদা চা খেতে পারেন। কিংবা খেতে পারেন আপনার পছন্দের কোনো উষ্ণ পানীয়।
আরটিভি/এমএম