images

লাইফস্টাইল / রূপচর্চা

গরমে ত্বক বাঁচাবে গোলাপ জল

শনিবার, ০২ মে ২০২৬ , ১২:০৯ পিএম

প্রচণ্ড গরমে রোদের তাপে ত্বক পুড়ে যাওয়া, কালচে দাগ, র‍্যাশ আর অতিরিক্ত তেল নিঃসরণের সমস্যা এখন খুব সাধারণ। এই সময় ত্বককে আরাম দিতে সহজ ও ঘরোয়া একটি উপাদান হতে পারে গোলাপ জল।

বিশেষজ্ঞরা বলছেন, গোলাপ জল শুধু সৌন্দর্যচর্চার উপকরণ নয়, বরং এটি ত্বকের জন্য প্রাকৃতিক এক ধরনের প্রশান্তিদায়ক উপাদান। এটি ত্বকের জ্বালা কমায়, আর্দ্রতা ধরে রাখে এবং সতেজতা ফিরিয়ে আনে।

গোলাপ জল সাধারণ টোনার হিসেবেও ব্যবহার করা যায়। সব ধরনের ত্বকের জন্যই এটি উপযোগী। এমনকি সংবেদনশীল ত্বকের ক্ষেত্রেও এটি নিরাপদ বলে মনে করা হয়।

আরও পড়ুন
Web-Image

বগল কালো হয়ে যাচ্ছে? কারণ ও সমাধান জানলে অবাক হবেন!

ত্বকচর্চায় গোলাপ জলের একটি জনপ্রিয় ব্যবহার হলো বরফ আকারে ব্যবহার করা। গোলাপ জল বরফের ট্রেতে জমিয়ে মুখে হালকা ঘষে নিলে ত্বক ঠান্ডা হয় এবং মেকআপও দীর্ঘসময় টিকে থাকে।

আরও একটি উপায় হলো ফেস প্যাক তৈরি করা। চন্দন গুঁড়া বা মুলতানি মাটির সঙ্গে সাধারণ পানির বদলে গোলাপ জল মিশিয়ে প্যাক ব্যবহার করলে ত্বকের অতিরিক্ত তেল কমে যায় এবং ত্বক উজ্জ্বল দেখায়।

চোখের নিচের কালচে দাগ ও ক্লান্তি দূর করতেও এটি কার্যকর। তুলো ভিজিয়ে চোখের নিচে রাখলে চোখের চারপাশ ঠান্ডা হয় এবং ফোলাভাব কমে।

এছাড়া গোলাপ জল দিয়ে ঘরে সহজেই ফেস মিস্ট (মুখে ছিটানোর পানি) তৈরি করা যায়। স্প্রে বোতলে গোলাপ জল ভরে ফ্রিজে রেখে দিলে গরমের সময় মুখে স্প্রে করে সঙ্গে সঙ্গে আরাম পাওয়া যায়।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ও সঠিকভাবে ব্যবহার করলে গোলাপ জল গরমে ত্বকের নানা সমস্যা কমাতে সাহায্য করে। যা ত্বককে রাখে সতেজ ও কোমল। 
 

আরটিভি/জেএমএ