রোববার, ০৩ মে ২০২৬ , ১১:০৪ এএম
গরমে ঘর ঠান্ডা রাখতে এসি এখন অনেকেরই প্রধান ভরসা। কিন্তু বেশিরভাগ মানুষই মনে করেন, তাপমাত্রা যত কম রাখা হবে, ঘর তত দ্রুত ঠান্ডা হবে। বাস্তবে বিষয়টি ঠিক তেমন নয়, বরং এতে বিদ্যুৎ বিলও বাড়ে দ্রুত।
বিশেষজ্ঞদের মতে, এসির তাপমাত্রা কমালে কম্প্রেসারকে বেশি সময় ধরে কাজ করতে হয়। যেমন ২৪ ডিগ্রিতে চালালে ঘরকে বেশি ঠান্ডা রাখতে হওয়ায় মেশিনটি বেশি সময় চালু থাকে। অন্যদিকে ২৬ ডিগ্রিতে সেট করলে কম্প্রেসার মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়। ফলে বিদ্যুৎ খরচ কমে আসে।
গবেষণা অনুযায়ী, এসির তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ালে প্রায় ৫ থেকে ৬ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় সম্ভব। অর্থাৎ ২৪ থেকে ২৬ ডিগ্রিতে গেলে মোটামুটি ১০ থেকে ১২ শতাংশ পর্যন্ত খরচ কমে যেতে পারে।
ধরা যাক, একটি সাধারণ এসি দিনে ৮ ঘণ্টা চালানো হয়। ২৪ ডিগ্রিতে চালালে দৈনিক বিদ্যুৎ খরচ বেশি হয়। আর ২৬ ডিগ্রিতে সেটি তুলনামূলকভাবে কমে যায়। হিসাব অনুযায়ী দৈনিক কয়েক টাকা থেকে শুরু করে প্রায় ২০-৩০ টাকা পর্যন্ত পার্থক্য হতে পারে।
মাস শেষে এই ছোট পার্থক্যই বড় হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞদের মতে, মাসে প্রায় কয়েকশো থেকে এক হাজার টাকার মতো সাশ্রয় করা সম্ভব শুধু তাপমাত্রা একটু বাড়িয়ে নিলেই।
আরও একটি প্রধান বিষয় হলো, ২৬ ডিগ্রি তাপমাত্রা শরীরের জন্যও বেশি আরামদায়ক। এতে ঘর ঠান্ডা থাকে, কিন্তু হঠাৎ ঠান্ডা-গরমের ধাক্কা শরীরে পড়ে না। ফলে সর্দি-কাশি বা অস্বস্তির ঝুঁকিও কমে।
তাই বিশেষজ্ঞদের পরামর্শ, এসি চালানোর সময় অতি ঠান্ডা না করে ২৬ ডিগ্রির মতো মাঝামাঝি তাপমাত্রা বেছে নিলেই একদিকে আরাম, অন্যদিকে বিদ্যুৎ সাশ্রয়—দুটিই পাওয়া সম্ভব।
আরটিভি/জেএমএ