মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ১০:১৪ এএম
নারীদের দৈনন্দিন স্বাস্থ্য অনেকটাই নির্ভর করে খাবারের ওপর। তাই কী খাওয়া হচ্ছে আর কী এড়িয়ে চলা উচিত, এই সিদ্ধান্ত অনেক সময় জরুরী হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞদের মতে, সঠিক খাবার নির্বাচন হরমোন, শক্তি, ত্বক এবং হাড়ের স্বাস্থ্যে বড় ভূমিকা রাখে।
হরমোনের ভারসাম্য রাখতে
হরমোন ঠিক থাকলে শরীর ও মন দুইই ভালো থাকে। এ ক্ষেত্রে ফুলকপি ও ব্রকলি জাতীয় সবজি খুব উপকারী। এগুলো শরীর থেকে অতিরিক্ত হরমোন বের করতে সাহায্য করে এবং ফাইবার ও পুষ্টি জোগায়। তবে কিছু প্রক্রিয়াজাত উদ্ভিজ্জ প্রোটিন জাতীয় খাবার বেশি খেলে হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
মাসিকের সময় ব্যথা কমাতে
মাসিকের সময় খাবারের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তৈলাক্ত মাছ ও আখরোট জাতীয় বাদামে থাকা উপাদান শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। অন্যদিকে বেশি লবণযুক্ত প্রক্রিয়াজাত মাংস এড়িয়ে চলা ভালো, কারণ এতে শরীরে ফোলাভাব ও ব্যথা বাড়তে পারে।
দুপুরের পর ক্লান্তি দূর করতে
অনেক নারীরই দুপুরের পর ক্লান্তি অনুভূত হয়। কুমড়ার বিচি ও বিভিন্ন বাদাম ধীরে ধীরে শক্তি দেয় এবং শরীরকে সচল রাখে। কিন্তু বেশি চিনি বা মিষ্টি খেলে শুরুতে শক্তি এলেও পরে দ্রুত ক্লান্তি ফিরে আসে।
ত্বক ভালো রাখতে
ত্বকের জন্য দই খুব উপকারী। এটি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে, যার প্রভাব পড়ে ত্বকের ওপরও। তবে ময়দা দিয়ে তৈরি খাবার যেমন- সাদা পাউরুটি বেশি খেলে ত্বকে ব্রণ ও সমস্যা বাড়তে পারে।
হাড় মজবুত রাখতে
বয়স বাড়ার সঙ্গে হাড়ের যত্ন নেওয়া জরুরি। পালং শাক ও অন্যান্য সবুজ শাকে থাকা পুষ্টি হাড়কে শক্ত রাখে। কিন্তু কিছু কোমল পানীয় নিয়মিত খেলে হাড় দুর্বল হওয়ার ঝুঁকি বাড়তে পারে।
তাই বিশেষজ্ঞদের পরামর্শ হলো—কঠোর ডায়েট নয়, বরং প্রতিদিনের ছোট ছোট সচেতন সিদ্ধান্তই নারীদের দীর্ঘমেয়াদে সুস্থ রাখতে সবচেয়ে বড় ভূমিকা রাখে।
আরটিভি/জেএমএ