শনিবার, ০৯ মে ২০২৬ , ০৮:৪০ এএম
শরীর ভালো রাখতে শুধু হাঁটাহাঁটি বা হালকা নড়াচড়া করলেই হবে না, দরকার একটু জোরে ব্যায়ামও। আন্তর্জাতিক সংবাদসংস্থা সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে– নতুন এক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন অল্প সময়ের জোরালো শরীরচর্চা একসঙ্গে আটটি বড় রোগের ঝুঁকি কমাতে পারে। এমনকি কমতে পারে অকাল মৃত্যুর আশঙ্কাও।
কোন রোগের ঝুঁকি কমে?
গবেষণায় দেখা গেছে, নিয়মিত জোরে ব্যায়াম করলে স্মৃতিলোপ, টাইপ-২ ডায়াবেটিস, শ্বাসকষ্ট, কিডনির সমস্যা, হৃদরোগ, লিভারে চর্বি জমার সমস্যাসহ একাধিক রোগের ঝুঁকি কমে যায়। সবচেয়ে বেশি উপকার মিলেছে স্মৃতিলোপ ও ডায়াবেটিসের ক্ষেত্রে।
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের মোট শরীরচর্চার সামান্য অংশও যদি জোরে করা যায়, তাহলেই শরীরে বড় পরিবর্তন দেখা দিতে পারে।
কেমন ব্যায়ামকে জোরালো ধরা হয়?
যে ব্যায়াম করলে হাঁপিয়ে যায়, দ্রুত শ্বাস নিতে হয় বা কথা বলতে কষ্ট হয়, সেটাকেই জোরালো ব্যায়াম বলা হয়। যেমন দ্রুত দৌড়ানো, সাইকেল চালানো, সিঁড়ি ভেঙে ওঠা বা দ্রুত হাঁটা।
তবে সবার জন্য নিয়ম এক নয়। কারও জন্য দ্রুত হাঁটাই কঠিন ব্যায়াম হতে পারে, আবার কারও জন্য দৌড়ানো দরকার হতে পারে।
কেন বেশি উপকার মেলে?
বিশেষজ্ঞরা বলছেন, জোরে ব্যায়াম করলে অল্প সময়েই শরীরের ওপর বেশি কাজ পড়ে। এতে হৃদযন্ত্র ভালো থাকে, শরীরে শর্করা নিয়ন্ত্রণে থাকে এবং মস্তিষ্কও সক্রিয় হয়। একই সঙ্গে শরীরের ভেতরের প্রদাহ কমাতেও সাহায্য করে এই ধরনের ব্যায়াম।
প্রতিদিন কতক্ষণ করলেই হবে?
গবেষকদের মতে, ঘণ্টার পর ঘণ্টা শরীরচর্চা করার দরকার নেই। প্রতিদিন মাত্র কয়েক মিনিটের জোরালো ব্যায়ামও শরীরের জন্য অনেক উপকারী হতে পারে।
যেমন- দ্রুত সিঁড়ি ভাঙা, বাজারের ব্যাগ নিয়ে দ্রুত হাঁটা বা কয়েক মিনিট টানা দ্রুত হাঁটলেও উপকার মিলতে পারে।
বয়স বেশি হলে কী করবেন?
বয়স্ক বা শারীরিক সমস্যায় ভোগা মানুষদের জন্যও ব্যায়াম গুরুত্বপূর্ণ। তবে নিজের সামর্থ্য বুঝে ধীরে ধীরে শুরু করতে হবে। কারও জন্য চেয়ার থেকে বারবার ওঠা-বসাও উপকারী হতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ, নতুন করে ব্যায়াম শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।
ছোট অভ্যাসেই বড় লাভ
চিকিৎসকদের মতে, সুস্থ থাকতে শুধু বসে থাকা কমালেই হবে না, শরীরকে একটু চ্যালেঞ্জও দিতে হবে। প্রতিদিন অল্প সময়ের জোরালো নড়াচড়া দীর্ঘমেয়াদে শরীরকে ভালো রাখতে বড় ভূমিকা রাখতে পারে।
সূত্র: সিএনএন
আরটিভি/জেএমএ