শনিবার, ০৯ মে ২০২৬ , ০৩:০০ পিএম
চুলের যত্নে নারকেল তেলের ব্যবহার বহু পুরোনো। তবে শুধু চুল নয়, ত্বকের যত্নেও এই তেল বেশ উপকারী বলে মনে করেন অনেকেই। বিশেষ করে রাতে মুখে নারকেল তেল লাগিয়ে ঘুমালে ত্বকে নানা ধরনের পরিবর্তন দেখা যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, নারকেল তেল ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ফলে শুষ্ক ত্বক অনেকটাই কোমল ও নরম হয়ে ওঠে। যাদের মুখের ত্বক খুব শুষ্ক, তাদের জন্য এটি উপকারী হতে পারে।
এছাড়া মুখে জমে থাকা ধুলো-ময়লা ও দূষণের প্রভাব কমাতেও সাহায্য করতে পারে নারকেল তেল। সারারাত তেল মুখে থাকলে ত্বকের ভেতরের ময়লা কিছুটা পরিষ্কার হতে পারে বলে ধারণা করা হয়।
ব্রণ ও কালো দাগের সমস্যাতেও অনেকে নারকেল তেল ব্যবহার করেন। কিছু ক্ষেত্রে এটি ব্রণ শুকাতে সাহায্য করলেও, সংবেদনশীল ত্বকে আবার উল্টো ব্রণ বেড়ে যেতে পারে। তাই ত্বকের ধরন বুঝে ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
মুখে লালচে ভাব, চুলকানি বা রুক্ষতা থাকলেও নারকেল তেল কিছুটা আরাম দিতে পারে। নিয়মিত ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতাও বাড়তে পারে।
তবে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। মুখে ব্যবহারের জন্য খাঁটি নারকেল তেল ব্যবহার করা উচিত। অতিরিক্ত সুগন্ধি বা রাসায়নিক মেশানো তেল ত্বকের ক্ষতি করতে পারে।
ব্যবহারের আগে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এরপর অল্প পরিমাণ তেল নিয়ে আলতোভাবে মুখে মালিশ করে সারারাত রেখে সকালে ধুয়ে ফেলতে হবে।
বিশেষজ্ঞরা বলছেন, নারকেল তেল প্রাকৃতিক ও সহজলভ্য হলেও সব ত্বকে একভাবে কাজ নাও করতে পারে। তাই নতুনভাবে ব্যবহার শুরুর আগে সতর্ক থাকা জরুরি।
আরটিভি/জেএমএ