রোববার, ১০ মে ২০২৬ , ১১:২১ এএম
স্টেক মানে হলো গরুর মাংসের মোটা ও নরম অংশ, যা গ্রিল বা ভেজে খাওয়া হয়। সঠিক পদ্ধতিতে রান্না করলে এটি হয়ে উঠতে পারে রেস্টুরেন্টের মতোই সুস্বাদু।
বিশেষজ্ঞদের মতে, পারফেক্ট স্টেকের আসল রহস্য মাংস নির্বাচনের মধ্যে। গরুর এমন অংশ ব্যবহার করতে হয়, যেখানে মাংসপেশীর কাজ কম হয়—যেমন মেরুদণ্ডের কাছের নরম অংশ। এই অংশের মাংস তুলনামূলকভাবে বেশি কোমল ও রসালো হয়।
কীভাবে তৈরি করবেন
স্টেক বানাতে খুব বেশি মসলা লাগে না। শুধু লবণ ও গোলমরিচ দিয়েই মাংস সিজন করা হয়। রান্নার সময় অল্প বাটার ও রসুন ব্যবহার করলেই যথেষ্ট।
প্রথমে একটি মোটা ও ভারী প্যান ভালোভাবে গরম করতে হবে। এরপর সামান্য তেল দিয়ে মাংস দিতে হবে। উচ্চ তাপে মাংসের বাইরের অংশ দ্রুত সিয়ার করতে হয়, যাতে ভেতরের রস বের না হয়ে থাকে।
প্রতি এক থেকে দুই মিনিট পর স্টেক উল্টে দিতে হবে। কয়েক মিনিট পর রসুন ও বাটার যোগ করতে হবে। মেল্টেড বাটার বারবার মাংসের ওপর ঢেলে দিলে স্বাদ আরও বাড়ে। চাইলে রোজমেরি বা থাইমও ব্যবহার করা যেতে পারে।
কেন এই পদ্ধতি বিশেষ
রান্নার সময় উচ্চ তাপে মাংসের ভেতরে থাকা উপাদানগুলো প্রতিক্রিয়া করে নতুন স্বাদ ও ঘ্রাণ তৈরি করে। এতে স্টেকের বাইরের অংশে তৈরি হয় ক্রিস্পি স্তর, আর ভেতর থাকে রসালো ও নরম।
রান্নার পর স্টেকটি পাঁচ থেকে ছয় মিনিট রেখে দিতে হয়। এই সময়টাকে বলা হয় রেস্টিং, যা মাংসকে আরও জুসি করে তোলে।
সবশেষে স্টেক পরিবেশন করা যায় ফ্রেঞ্চ ফ্রাই বা ম্যাশড পটেটোর সঙ্গে। সঠিক কৌশল মেনে রান্না করলে ঘরেই পাওয়া যায় রেস্টুরেন্টের মতো পারফেক্ট বিফ স্টেক।
আরটিভি/জেএমএ