রোববার, ১০ মে ২০২৬ , ০১:৩৭ পিএম
গরুর মাংসের নাম শুনলেই অনেকের জিভে পানি চলে আসে। আবার কেউ কেউ ভয় পান, এই বুঝি কোলেস্টেরল বেড়ে গেল। কিন্তু পুষ্টিবিদরা বলছেন, গরুর মাংস পুরোপুরি ক্ষতিকর নয়। বরং পরিমাণ বুঝে খেলে এটি শরীরের জন্য বেশ উপকারীও হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, গরুর মাংসে আছে শরীরের প্রয়োজনীয় শক্তি, রক্ত বাড়ানোর উপাদান, হাড় মজবুত রাখার খনিজ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর নানা পুষ্টিগুণ। তবে সমস্যা হয় তখনই, যখন এটি অতিরিক্ত খাওয়া হয়।
গরুর মাংসে কী আছে?
গরুর মাংসে রয়েছে প্রচুর আমিষ, লৌহ, দস্তা ও বিভিন্ন প্রয়োজনীয় ভিটামিন। এসব উপাদান শরীরের দুর্বলতা কমায়, রক্তস্বল্পতা ঠেকায়, হাড় ও পেশি শক্ত রাখে এবং শরীরে শক্তি জোগায়।
পুষ্টিবিদদের মতে, শিশু থেকে বড়—সব বয়সীদের জন্যই এটি উপকারী হতে পারে, যদি পরিমাণ ঠিক রাখা যায়।
কতটুকু খাওয়া নিরাপদ?
বিশেষজ্ঞরা বলছেন, সপ্তাহে দুই দিনের বেশি গরুর মাংস না খাওয়াই ভালো। প্রতিবার দুই থেকে তিন টুকরার বেশি না খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
যাদের ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ বা কিডনির সমস্যা আছে, তাদের আরও সতর্ক থাকতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া বেশি মাংস খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।
যেভাবে রান্না করলে ক্ষতি কম
গরুর মাংস রান্নার আগে বাড়তি চর্বি কেটে ফেলে দিতে হবে। অতিরিক্ত তেল, ঘি বা মাখন ব্যবহার না করাই ভালো।
বিশেষজ্ঞরা বলছেন, ঝোল করে রান্না করলে এবং মাংসের সঙ্গে সবজি মিশিয়ে খেলে ক্ষতি কম হয়। এছাড়া আগুনে ঝলসে বা কম তেলে রান্না করলেও চর্বি অনেকটাই কমে যায়।
বেশি খেলে কী হতে পারে?
অতিরিক্ত গরুর মাংস খেলে শরীরে কোলেস্টেরল ও রক্তচাপ বাড়তে পারে। এতে হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস, স্থূলতা এমনকি ক্যানসারের ঝুঁকিও বাড়তে পারে।
তাই শুধু স্বাদের জন্য নয়, শরীরের কথাও ভাবতে হবে।
গরুর মাংস পুরোপুরি বাদ দেওয়ার দরকার নেই। তবে নিয়ম মেনে, পরিমাণ বুঝে খাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ খাবার যত ভালোই হোক, অতিরিক্ত হলেই তা শরীরের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে।
সূত্র: বিবিসি বাংলা
আরটিভি/জেএমএ