images

লাইফস্টাইল / স্বাস্থ্য পরামর্শ

ডায়াবেটিস হলে ইনসুলিন নেওয়া কতটা জরুরি 

বুধবার, ১৩ মে ২০২৬ , ১০:৪১ এএম

ডায়াবেটিস বা বহুমূত্র রোগ এখন দেশের বহু মানুষের নিত্যসঙ্গী। তবে এই রোগ নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি ইনসুলিন নিয়েই রয়েছে ভয় ও ভুল ধারণা। এ তথ্য উঠে এসেছে সংবাদসংস্থা বিবিসি বাংলায় প্রকাশিত এক প্রতিবেদনে।

সংবাদসংস্থা বিবিসি বাংলায় প্রকাশিত প্রতিবেদনে উল্লেখিত, পটুয়াখালীর বাসিন্দা মাহমুদ ওসমান গনি প্রায় ১০ বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন। তবে তিনি কখনোই ইনসুলিন নেননি। তার ধারণা, একবার ইনসুলিন শুরু করলে তা আর বন্ধ করা যায় না। তাই তিনি ওষুধ ও জীবনযাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমেই রোগ সামলাতে চান। 

ওসমান গনি বিবিসি বাংলাকে বলেন, ইনসুলিন নিতে গেলে শরীরে ইনজেকশন দিতে হয়, যা তার কাছে অস্বস্তিকর। আর এই ভয় থেকেই তিনি ইনসুলিন এড়িয়ে চলছেন।

অন্যদিকে রাজধানীর খিলগাঁওয়ের বাসিন্দা জাহিদা আক্তার দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত। তার রক্তে সুগারের মাত্রা প্রায়ই বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যায়। প্রায় ২০ এরও বেশি হলেও তিনি ইনসুলিন নিতে চান না।

তার পরিবারের মতে, ইনজেকশনের ভয় ও অস্বস্তির কারণেই তিনি চিকিৎসকের পরামর্শ থাকা সত্ত্বেও ইনসুলিন গ্রহণ করছেন না।

ইনসুলিন আসলে কী?

বিশেষজ্ঞদের মতে, ইনসুলিন মানবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হরমোন, যা শরীরের অগ্ন্যাশয় থেকে তৈরি হয়। এটি খাবার থেকে পাওয়া চিনি বা গ্লুকোজকে শক্তিতে রূপান্তর করতে সাহায্য করে। যখন শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না বা ঠিকভাবে কাজ করে না, তখন রক্তে সুগার বেড়ে গিয়ে ডায়াবেটিস দেখা দেয়। এই অবস্থায় বাইরে থেকে ইনসুলিন দেওয়া প্রয়োজন হয়।

আরও পড়ুন
Web-Image

শরীরের ব্যথার আসল কারণ কী পেশি সমস্যা? 

কখন ইনসুলিন দরকার?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, খালি পেটে রক্তে সুগারের মাত্রা যদি ৭ এর বেশি হয়, তাহলে ডায়াবেটিস ধরা পড়ে। তবে সব রোগীর ক্ষেত্রে ইনসুলিন প্রয়োজন হয় না। চিকিৎসকদের মতে, রক্তে সুগারের মাত্রা অনেক বেড়ে গেলে বা সাধারণ ওষুধে নিয়ন্ত্রণ না হলে ইনসুলিন দিতে হয়।

বিশেষ করে টাইপ ১ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ইনসুলিন ছাড়া জীবন বাঁচানো সম্ভব নয়। কারণ এই ধরনের রোগে শরীর একেবারেই ইনসুলিন তৈরি করতে পারে না।

অন্যদিকে টাইপ ২ ডায়াবেটিসে শরীরে কিছু ইনসুলিন থাকলেও তা পর্যাপ্ত নয় বা ঠিকভাবে কাজ করে না। তাই অনেক সময় ওষুধ, খাদ্য নিয়ন্ত্রণের পরও ইনসুলিন দরকার পড়ে।

ভয় নাকি ভুল ধারণা?

অনেক রোগীর মধ্যে ধারণা রয়েছে, একবার ইনসুলিন শুরু করলে তা আর বন্ধ করা যায় না। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই ধারণা সম্পূর্ণ ভুল। চিকিৎসকদের মতে, অনেক সময় নির্দিষ্ট সময় ইনসুলিন নেওয়ার পর সুগার নিয়ন্ত্রণে এলে আবার ওষুধ ও জীবনযাত্রা নিয়ন্ত্রণে ফিরে যাওয়া সম্ভব। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ইনসুলিন বন্ধ বা শুরু করা বিপজ্জনক হতে পারে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইনসুলিন কোনো ভয় নয়, বরং অনেক ক্ষেত্রে জীবন বাঁচানোর প্রয়োজনীয় চিকিৎসা। ভুল ধারণা ও ভয় থেকে দূরে থেকে সঠিক চিকিৎসা নিলে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, রোগ নয়—রোগ সম্পর্কে ভুল ধারণাই অনেক সময় সবচেয়ে বড় ঝুঁকি তৈরি করে।

সূত্র: বিবিসি বাংলা 


আরটিভি/জেএমএ