শুক্রবার, ১৫ মে ২০২৬ , ১২:০৮ পিএম
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর প্রায় ১৫ হাজারের বেশি মানুষ স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে অধিকাংশই নারী হলেও অল্পসংখ্যক পুরুষও এই রোগে আক্রান্ত হন। প্রতি বছর প্রায় সাড়ে সাত হাজার মানুষ এ রোগে প্রাণ হারান।
স্তন ক্যান্সার কীভাবে হয়
চিকিৎসকরা বলছেন, স্তনের কোষ অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে যখন টিউমার বা পিণ্ডে পরিণত হয় এবং তা শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে, তখনই সেটিকে স্তন ক্যান্সার বলা হয়।
দেরিতে শনাক্ত হওয়ার ঝুঁকি
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে অনেক রোগী দেরিতে চিকিৎসকের কাছে যান। সামাজিক সংকোচ ও সচেতনতার অভাবে প্রাথমিক লক্ষণগুলো গোপন রাখার কারণে রোগ ধরা পড়ে শেষ পর্যায়ে, যখন চিকিৎসা জটিল হয়ে যায়।
প্রাথমিক লক্ষণ
চিকিৎসকদের মতে স্তন ক্যান্সারের সাধারণ কিছু লক্ষণ হলো স্তনে চাকা বা পিণ্ড অনুভূত হওয়া, স্তনের বোঁটায় পরিবর্তন, বোঁটা ভেতরে ঢুকে যাওয়া, অস্বাভাবিক রস বের হওয়া, স্তনের চামড়ার রং বা গঠনে পরিবর্তন এবং বাহুমূলে চাকা দেখা দেওয়া।
অন্য উপসর্গ
বিশেষজ্ঞরা আরও জানান, কিছু ক্ষেত্রে স্তনের ব্যথা, লালচে ভাব বা চুলকানিও দেখা দিতে পারে। তবে অনেক সময় শুরুতে তেমন ব্যথা নাও থাকতে পারে, যা রোগ শনাক্তে দেরি ঘটায়।
ঝুঁকির কারণ
স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে পারিবারিক ইতিহাস, অল্প বয়সে ঋতুস্রাব শুরু হওয়া, দেরিতে মেনোপজ, সন্তান না হওয়া বা বুকের দুধ না খাওয়ানো, অতিরিক্ত ওজন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, দীর্ঘদিন হরমোন ব্যবহার এবং বয়স বৃদ্ধি।
প্রতিরোধ ও পরীক্ষা
চিকিৎসকদের মতে, ৫০ বছরের পর এই ঝুঁকি আরও বেড়ে যায়। তবে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে স্তন ক্যান্সার সম্পূর্ণ নিরাময়যোগ্য।
বিশেষজ্ঞরা পরামর্শ দেন, ৩০ থেকে ৩৫ বছর বয়সের পর নারীদের নিয়মিত নিজের স্তন পরীক্ষা করা উচিত। পাশাপাশি প্রয়োজন হলে চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা এবং ম্যামোগ্রাম করানো জরুরি।
চিকিৎসা, বাস্তবতা ও সচেতনতা
চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, স্তন ক্যান্সার চিকিৎসা ব্যয়বহুল হলেও শুরুতেই ধরা পড়লে তা অনেক সহজ ও নিয়ন্ত্রণযোগ্য হয়। সরকারি ও বেসরকারি পর্যায়ে চিকিৎসা থাকলেও সচেতনতার অভাবে অনেক রোগী শেষ সময়ে চিকিৎসা নিতে আসেন।
বিশেষজ্ঞদের আহ্বান, লজ্জা বা সংকোচ নয়, প্রাথমিক লক্ষণ দেখলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই স্তন ক্যান্সার প্রতিরোধ ও জীবন বাঁচানোর সবচেয়ে কার্যকর উপায়।
সূত্র: বিবিসি বাংলা
আরটিভি/জেএমএ