শনিবার, ১৬ মে ২০২৬ , ১০:৪৫ এএম
আচার এমন এক খাবার, যার স্বাদ যত যত্ন নিয়ে বানানো হয়, ততই সময়ের সঙ্গে সঙ্গে আরও ভালো হয়ে ওঠে। বিশেষ করে আমের আচারের আসল জাদু লুকিয়ে থাকে সঠিক আম বাছাই আর বানানোর পদ্ধতিতে। অনেকে বলেন, আগে দাদি-নানির হাতে বানানো আচারের স্বাদ এখন আর পাওয়া যায় না। আসলে রহস্যটা মশলায় নয়, শুরুতেই সঠিক আম নির্বাচনের ভেতরেই লুকিয়ে আছে পুরো বিষয়টা।
কোন আম হলে আচার হবে সেরা
আচারের জন্য সব আম উপযুক্ত নয়। সবচেয়ে ভালো হয় কাঁচা, শক্ত এবং টক আম। এসব আমে মিষ্টি ভাব থাকে না এবং শাঁসও হয় দৃঢ়। এতে মশলা সহজে মিশে যায় এবং আচার দীর্ঘদিন ভালো থাকে।
কেনার সময় কী দেখবেন
আচার বানানোর জন্য আম কেনার সময় খোসা, আকার আর শক্তভাব খুব গুরুত্বপূর্ণ। আমের খোসা হওয়া উচিত টানটান ও দাগহীন। কোথাও কালচে দাগ বা নরম অংশ থাকলে সেই আম না নেওয়াই ভালো। মাঝারি আকারের শক্ত আম সাধারণত সবচেয়ে ভালো হয়। হালকা চাপ দিলে যদি নরম লাগে, তবে সেটি আচারের জন্য উপযুক্ত নয়।
স্বাদের আসল রহস্য
আচারের আসল স্বাদ আসে আমের টকভাব থেকে। তাই এমন আম বেছে নিতে হবে যা খেতে টক এবং একেবারে মিষ্টি নয়। বাইরে সবুজ দেখালেও ভেতরে মিষ্টি হলে সেটা আচার নয়, বরং চাটনির জন্য ভালো।
আচার দীর্ঘদিন ভালো রাখার কৌশল
আচারের জন্য বেশি রসালো আম ব্যবহার করলে তা দ্রুত নষ্ট হতে পারে। আম কাটার পর তার শাঁস যেন শক্ত থাকে এবং অতিরিক্ত পানি না থাকে—এটা খুব গুরুত্বপূর্ণ। কম আর্দ্রতার আম মশলা ভালোভাবে ধরে রাখে, ফলে আচার দীর্ঘদিন টিকে থাকে।
সংরক্ষণের সহজ নিয়ম
মৌসুমের শুরুতে কাঁচা আম কেনাই সবচেয়ে ভালো। তখন আম বেশি শক্ত ও টক থাকে। ভালো আম চেনার উপায় হলো—হাতে তুললে ভারী লাগা, তাজা গন্ধ থাকা এবং কাটলে ঝাঁঝালো টক স্বাদ পাওয়া।
আচার বানানোর পর সেটি সব সময় কাচের বয়ামে রাখাই ভালো। এতে স্বাদ ও গুণমান ঠিক থাকে। সপ্তাহে অন্তত দুই দিন রোদে রাখলে আচার আরও ভালো থাকে এবং দীর্ঘদিন টিকে যায়।
আরটিভি/জেএমএ