রোববার, ১৭ মে ২০২৬ , ০৯:০৩ এএম
সকাল থেকে টানা বৃষ্টি। এর মধ্যেই অফিসে পৌঁছাতে হবে ঠিক সময়ে। তাই অনেককেই ভিজে ভিজেই ছুটতে হয় কর্মস্থলে। তবে বৃষ্টিতে ভেজার পর একটু অসতর্ক হলেই ঠান্ডা, জ্বর কিংবা নানা সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। তাই অফিসে পৌঁছেই কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি।
হাত-পা পরিষ্কার ও জীবাণু থেকে সুরক্ষা
অফিসে ঢুকেই প্রথমে হাত-পা ভালোভাবে ধুয়ে নিতে হবে। বৃষ্টির পানির সঙ্গে রাস্তাঘাটের ময়লা ও জীবাণু শরীরে লেগে যেতে পারে। বিশেষ করে পায়ে কাদা জমে থাকলে পরে চুলকানি বা চামড়ার সমস্যা হতে পারে। মোজা ভিজে গেলে দ্রুত খুলে ফেলাই ভালো।
দ্রুত চুল শুকিয়ে নিন
বৃষ্টিতে ভেজার পর মাথা ব্যথা বা ঠান্ডা লাগার আশঙ্কা থাকে বেশি। তাই ভেজা চুল যত দ্রুত সম্ভব শুকিয়ে নেওয়া জরুরি। তোয়ালে থাকলে মুছে নিতে পারেন, না হলে বাতাসে শুকিয়ে নিতে হবে।
ভেজা পোশাকে নয়
পোশাক ভিজে গেলে বেশি সময় তা পরে থাকাও ক্ষতিকর। কাপড় না বদলাতে পারলে অন্তত বাতাসে শুকিয়ে নেওয়ার চেষ্টা করুন। ভেজা পোশাকে দীর্ঘ সময় থাকলে জ্বর-কাশির ঝুঁকি বাড়ে।
মোবাইল ও প্রয়োজনীয় জিনিস বাঁচান
সঙ্গে থাকা মোবাইল ফোন, হাতঘড়ি কিংবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসও বৃষ্টির পানিতে নষ্ট হতে পারে। তাই অফিসে পৌঁছেই সেগুলো শুকনো কাপড়ে মুছে নিতে হবে।
আগে থেকেই প্রস্তুত থাকুন
বর্ষার দিনে আগে থেকেই সতর্ক থাকা সবচেয়ে ভালো উপায়। ব্যাগে ছাতা, ছোট তোয়ালে কিংবা পলিথিন রাখলে হঠাৎ বৃষ্টিতে অনেক ঝামেলা এড়ানো যায়। পানি ঢোকে না এমন ব্যাগ ব্যবহার করলে প্রয়োজনীয় কাগজপত্র ও জিনিসপত্রও নিরাপদ থাকে।
বাসায় ফিরেও সতর্কতা
অফিস থেকে ফিরে ভেজা পোশাক দ্রুত বদলে হালকা গরম পানিতে গোসল করলে শরীর সতেজ থাকে এবং জীবাণুর ঝুঁকিও কমে যায়।
আরটিভি/জেএমএ