images

লাইফস্টাইল / স্বাস্থ্য পরামর্শ / পরামর্শ

নিম-চন্দন-হলুদ-চিরতা: আয়ুর্বেদ চিকিৎসায় কেন ফিরছে মানুষের ভরসা

রোববার, ১৭ মে ২০২৬ , ০৩:৩৪ পিএম

হলুদ দিয়ে রান্না, পেট ভালো রাখতে চিরতার রস, ত্বকের যত্নে নিম-চন্দন—এসব শুধু ঘরোয়া উপায় নয়, বরং বহু পুরোনো আয়ুর্বেদিক চিকিৎসার অংশ।  আধুনিক চিকিৎসার ভিড়েও আবার নতুন করে জনপ্রিয় হয়ে উঠছে এই প্রাচীন পদ্ধতি।

বিশেষজ্ঞদের মতে, আয়ুর্বেদ শুধু রোগ সারানোর চিকিৎসা নয়, বরং শরীর, মন ও জীবনযাত্রার ভারসাম্য ঠিক রাখার একটি পদ্ধতি।  প্রায় ৫ হাজার বছরের পুরোনো এই চিকিৎসার উৎপত্তি ভারতীয় উপমহাদেশে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে এখনো এর ব্যাপক প্রচলন রয়েছে।

কীভাবে কাজ করে আয়ুর্বেদ

আয়ুর্বেদের মূল ধারণা হলো শরীর, মন ও পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রাখা।  এই ভারসাম্য নষ্ট হলেই রোগ তৈরি হয়। তাই চিকিৎসার পাশাপাশি খাদ্যাভ্যাস, জীবনযাপন, ব্যায়াম ও মানসিক স্বাস্থ্যের দিকেও গুরুত্ব দেওয়া হয়।

এই চিকিৎসায় বিভিন্ন গাছগাছড়া, শেকড়, পাতা, ফুল ও ভেষজ উপাদান ব্যবহার করে ওষুধ তৈরি করা হয়। পাশাপাশি যোগব্যায়াম, ধ্যান ও মালিশও চিকিৎসার অংশ হতে পারে।

খাদ্যাভ্যাসেই সবচেয়ে বেশি গুরুত্ব

আয়ুর্বেদে মনে করা হয়, মানুষের সুস্থতার বড় ভিত্তি হলো খাবার।  ভুল খাদ্যাভ্যাস শরীরে নানা রোগ তৈরি করে।  তাই পরিপাক ভালো রাখা, শরীর পরিষ্কার রাখা এবং পুষ্টিকর খাবার খাওয়ার ওপর জোর দেওয়া হয়।

আরও পড়ুন
Web-Image

অ্যাংজাইটি বা উৎকণ্ঠা কী শুধুই ওভারথিঙ্কিং নাকি লুকানো অসুখ

কেন আবার জনপ্রিয় হচ্ছে

এক সময় জনপ্রিয়তা কমে গেলেও এখন আবার আয়ুর্বেদের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে।  বিশেষ করে প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকার প্রবণতা বাড়ায় অনেকে ভেষজ চিকিৎসার দিকে ঝুঁকছেন।

বাংলাদেশেও এই চিকিৎসা পদ্ধতির চর্চা বাড়ছে।  দেশে আয়ুর্বেদিক কলেজ ও চিকিৎসা প্রতিষ্ঠানও রয়েছে।

সতর্ক থাকার পরামর্শ

বিশেষজ্ঞরা বলছেন, সব ভেষজ ওষুধ সবার জন্য নিরাপদ নাও হতে পারে।  তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ ব্যবহার করা ঠিক নয়।  বিশেষ করে গর্ভবতী নারী, শিশু ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তদের ক্ষেত্রে বেশি সতর্ক থাকতে হবে।

প্রাচীন হলেও আয়ুর্বেদ এখনো মানুষের জীবনে গুরুত্বপূর্ণ জায়গা ধরে রেখেছে।  তবে যেকোনো চিকিৎসার মতো এখানেও প্রয়োজন সঠিক জ্ঞান ও সচেতনতা।

সূত্র: বিবিসি বাংলা


আরটিভি/জেএমএ