বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ০১:০৪ পিএম
গ্রীষ্মকালে তীব্র গরমে দিনে কতবার গোসল করা উচিত—এ নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা থাকে। কেউ দিনে একাধিকবার গোসল করেন, আবার কেউ একবারই যথেষ্ট মনে করেন। তবে বিশেষজ্ঞদের মতে, এর সঠিক উত্তর নির্ভর করে জীবনযাপন, কাজের ধরন এবং ঘামের মাত্রার ওপর।
গরমে গোসল কেন জরুরি
তীব্র গরমে শরীর থেকে প্রচুর ঘাম বের হয়। যা ত্বকে জমে দুর্গন্ধ ও ব্যাকটেরিয়ার সৃষ্টি করতে পারে। নিয়মিত গোসল করলে শরীর পরিষ্কার থাকে এবং ত্বকের সংক্রমণ ও র্যাশের ঝুঁকি কমে। পাশাপাশি শরীর থাকে সতেজ ও আরামদায়ক।
চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, সাধারণভাবে দিনে এক থেকে দুইবার গোসলই সবচেয়ে উপযুক্ত।
দিনে একবার গোসল কার জন্য
যারা বেশিরভাগ সময় ঘরে থাকেন বা কম ঘামেন, তাদের জন্য দিনে একবার গোসল যথেষ্ট। এতে ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয় না এবং ত্বক শুষ্কও হয় না।
দিনে দুইবার গোসল কার জন্য
যারা বাইরে কাজ করেন, বেশি ঘামেন বা শারীরিক পরিশ্রম করেন, তাদের ক্ষেত্রে দিনে দুইবার গোসল উপকারী হতে পারে। এতে শরীর দ্রুত পরিষ্কার ও সতেজ থাকে।
অতিরিক্ত গোসলে সতর্কতা
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, খুব বেশি গোসল করলে ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট হয়ে যেতে পারে। এতে ত্বক শুষ্ক, খসখসে ও সংবেদনশীল হয়ে ওঠে। কিছু ক্ষেত্রে চুলকানি বা র্যাশও দেখা দিতে পারে।
কীভাবে গোসল করবেন
গরমকালে ঠান্ডা বা স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করা ভালো। খুব গরম পানি এড়িয়ে চলতে হবে। পাশাপাশি মৃদু সাবান ব্যবহার করা উচিত এবং খুব বেশি ঘষাঘষি না করে আলতোভাবে শরীর পরিষ্কার করা ভালো।
বিশেষজ্ঞদের মতে, গরমে দিনে এক থেকে দুইবার গোসলই সবচেয়ে নিরাপদ ও কার্যকর। নিজের শরীর ও কাজের ধরন বুঝে এই অভ্যাস মানলে গরমের অস্বস্তিও অনেকটাই কমে যাবে।
আরটিভি/জেএমএ