বুধবার, ০৩ জুন ২০২৬ , ০৮:৫৫ এএম
গ্রীষ্মকাল মানেই রসালো ও সুস্বাদু লিচুর মৌসুম। কিন্তু এই প্রিয় ফলটির একটি বড় আফসোস হলো, খুব অল্প সময়ের জন্যই বাজারে পাওয়া যায়। মৌসুম শেষ হলেই যেন লিচুর স্বাদও হারিয়ে যায়। তবে চাইলে সহজ একটি উপায়ে সেই স্বাদ সংরক্ষণ করা সম্ভব দীর্ঘদিনের জন্য। আর সেই উপায় হলো টক, ঝাল ও মিষ্টির অনন্য মিশেলে তৈরি লিচুর আচার।
সাধারণত টাটকা লিচু খোসা ছাড়িয়ে ফ্রিজে রাখলেও এক সপ্তাহের বেশি ভালো থাকে না। কিন্তু আচার তৈরি করে সংরক্ষণ করলে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত এর স্বাদ উপভোগ করা যায়।
উপকরণ
লিচু: ১ কেজি
সাদা ভিনেগার: আধা কাপ
লবণ: পরিমাণমতো
সরিষার তেল: এক কাপ
বড় রসুন বাটা: ৩টি
সরিষা বাটা: ১ চা চামচ
মরিচ গুঁড়া: ২ চা চামচ
পাঁচফোড়ন: ১ চা চামচ
ধনে গুঁড়া: ২ চা চামচ
হলুদ গুঁড়া: ১/২ চা চামচ
কাঁচা মরিচ: ৬টি
চিনি: ১ কাপ
প্রস্তুত প্রণালী
লিচুর আচার তৈরির জন্য প্রথমে লিচুর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে বীজগুলো আলাদা করে নিতে হবে। এরপর একটি প্যানে সরিষার তেল গরম করে তাতে রসুন বাটা দিতে হবে। রসুন হালকা ভাজা হয়ে এলে প্রয়োজনমতো মসলা মিশিয়ে নিতে হবে। চাইলে সরিষা বাটা ব্যবহার করা যায়, তবে এর ঝাঁজ পছন্দ না হলে বাদও দেওয়া যেতে পারে।
মসলা ভালোভাবে মিশে গেলে তাতে লিচু দিয়ে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর স্বাদমতো লবণ ও চিনি যোগ করতে হবে। লিচু বেশি মিষ্টি হলে চিনির পরিমাণ কিছুটা কম রাখা যেতে পারে। চিনি গলে গেলে কয়েক মিনিট জ্বাল দিয়ে তাতে ভিনেগার মিশিয়ে অল্প আঁচে রান্না করতে হবে।
মিশ্রণটি ঘন হয়ে তেল ওপরে ভেসে উঠলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে হবে। এরপর পরিষ্কার ও শুকনো কাঁচের বয়ামে ভরে সংরক্ষণ করলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু লিচুর আচার।
টক, ঝাল আর মিষ্টি স্বাদের এই ব্যতিক্রমী আচার ভাত, খিচুড়ি কিংবা নাস্তার সঙ্গেও দারুণ মানিয়ে যায়। তাই লিচুর মৌসুম শেষ হওয়ার আগেই বানিয়ে রাখতে পারেন এই বিশেষ আচার, আর বছরজুড়ে উপভোগ করতে পারেন প্রিয় ফলের ভিন্ন স্বাদ।
আরটিভি/জেএমএ