images

লাইফস্টাইল / পরামর্শ

সাবান নাকি বডি ওয়াশ, ত্বকের জন্য কোনটি বেশি ভালো

শনিবার, ০৬ জুন ২০২৬ , ১২:১০ পিএম

গোসলের সময় সাবান ব্যবহার নিয়ে অনেকেরই আলাদা অভ্যাস আছে। কেউ ছোটবেলা থেকে ব্যবহার করা কঠিন বার সাবানেই স্বস্তি পান, আবার কেউ তরল সাবান বা বডি ওয়াশ ব্যবহার না করলে যেন পরিষ্কারই মনে করেন না।

কিন্তু এই দুইয়ের মধ্যে আসলে কোনটি ত্বকের জন্য বেশি ভালো?

বিশেষজ্ঞদের মতে, দু’ধরনের সাবানই মূলত ত্বকের ময়লা দূর করার কাজ করে। তবে উপাদান ও কাজের ধরনে কিছু পার্থক্য রয়েছে।

বার সাবান বা সাবান কীভাবে কাজ করে? 

সাবান ত্বকের ওপর জমে থাকা ময়লা, ঘাম ও তেল ভেঙে পরিষ্কার করে। এতে ত্বকের ওপর থাকা জীবাণু ও অপ্রয়োজনীয় উপাদান দূর হয়।

তবে অনেক ক্ষেত্রে এটি ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা কিছুটা কমিয়ে ফেলতে পারে।

বডি ওয়াশ কীভাবে আলাদা?

তরল সাবান বা বডি ওয়াশ সাধারণত ত্বক পরিষ্কার করার পাশাপাশি আর্দ্রতা বজায় রাখার উপাদানও থাকে। এতে শুষ্কতা, চামড়া ফেটে যাওয়া বা রুক্ষভাব কমানোর উপাদান মেশানো থাকে।

বডি ওয়াশের মধ্যে শাওয়ার জেল তুলনামূলক হালকা হয় এবং দ্রুত ধুয়ে যায়। ফলে এটি শুধু পরিষ্কার করতেই বেশি ভূমিকা রাখে। আর্দ্রতা যোগ করার ক্ষেত্রে কম কার্যকর।

আরও পড়ুন
Web-Image

ঘামের দুর্গন্ধে নাজেহাল? ফিটকিরিতেই আছে সমাধান

কোন অবস্থায় কোনটা ভালো?

বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি অনুযায়ী সাবান বেছে নেওয়া ভালো।

শুষ্ক ত্বকের ক্ষেত্রে

যাদের ত্বক সহজেই শুষ্ক হয়ে যায় বা খসখসে লাগে, তাদের জন্য তরল সাবান বা জেল বেশি উপযোগী। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

ত্বকের বিশেষ সমস্যায়

যাদের একজিমা (ত্বকের এক ধরণের দীর্ঘস্থায়ী প্রদাহজনিত রোগ), ব্রণ বা চর্মরোগ আছে, তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশেষ ধরনের ক্লিনজার ব্যবহার করা উচিত।

পরিবেশবান্ধব দিক থেকে

পরিবেশের কথা ভাবলে বার সাবান তুলনামূলকভাবে ভালো। এতে অতিরিক্ত প্লাস্টিক প্যাকেজিং কম লাগে এবং ক্ষতিকর কেমিক্যালের ব্যবহারও তুলনামূলক কম হতে পারে।

অ্যালার্জির ক্ষেত্রে

বার সাবানে সাধারণত উপাদান কম থাকে, তাই অনেকের জন্য এটি নিরাপদ বিকল্প হতে পারে।

কোন উপাদান এড়িয়ে চলবেন?

বিশেষজ্ঞরা কিছু ক্ষতিকর উপাদান এড়িয়ে চলার পরামর্শ দেন—

  • তীব্র জীবাণুনাশক রাসায়নিক
  • অতিরিক্ত কৃত্রিম সুগন্ধি
  • কিছু সংরক্ষণকারী রাসায়নিক যা ত্বকে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে

ত্বকের ধরন ও প্রয়োজন অনুযায়ী সাবান বেছে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুষ্ক ত্বকের জন্য তরল সাবান সুবিধাজনক হতে পারে, আবার পরিবেশ ও সহজ ব্যবহারের জন্য বার সাবানও অনেকের পছন্দের। অর্থাৎ, সেরা সাবান একটাই নয়—সেরা হলো আপনার ত্বকের জন্য উপযুক্তটি।

সূত্র: হেলথলাইন 


আরটিভি/জেএমএ