images

লাইফস্টাইল / পরামর্শ

বই পড়ার অভ্যাস আবার ফিরিয়ে আনবেন যেভাবে

শুক্রবার, ১২ জুন ২০২৬ , ০৯:২৫ এএম

আজকের ব্যস্ত জীবনে বই পড়ার অভ্যাস অনেকটাই কমে গেছে। সাম্প্রতিক আমেরিকান টাইম ইউজ সার্ভে অনুযায়ী, ২০০৩ সালের পর থেকে শখ হিসেবে বই পড়ার হার প্রায় ১০ শতাংশ কমেছে। বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে সোশ্যাল মিডিয়ার প্রভাব এবং বিনোদনের সহজলভ্যতা বড় কারণ। তবে গবেষণা বলছে, বই পড়া শুধু বিনোদন নয়—এটি মস্তিষ্ককে সক্রিয় রাখে এবং স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে।

গবেষণায় দেখা গেছে, নিয়মিত বই পড়া বয়সজনিত স্মৃতিভ্রংশের ঝুঁকি কমাতেও ভূমিকা রাখে। তাই অনেকেই আবার বই পড়ার অভ্যাসে ফিরতে চান, কিন্তু নিয়মিতভাবে তা ধরে রাখা কঠিন হয়ে পড়ে।

পুরোনো অভ্যাসের সঙ্গে নতুন অভ্যাস জুড়ে দিন

অভ্যাস গড়ে ওঠা একদিনে সম্ভব নয়। অস্ট্রেলিয়ার এক গবেষণায় দেখা গেছে, ব্যক্তিভেদে একটি নতুন অভ্যাস গড়ে উঠতে ২ থেকে ৫ মাস পর্যন্ত সময় লাগতে পারে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, নতুন অভ্যাসকে পুরোনো রুটিনের সঙ্গে যুক্ত করা সবচেয়ে কার্যকর উপায়। যেমন—সকালের চা বা কফির সময় ফোনের বদলে বই পড়া, বাসে যাতায়াতের সময় বই সঙ্গে রাখা, অথবা রাতে ঘুমানোর আগে কিছু সময় পড়া।

নিজের পছন্দ দিয়ে শুরু করুন

যুক্তরাজ্যের একটি সংস্থার গবেষণা অনুযায়ী, অনেকেই সিনেমা, সিরিজ বা পডকাস্ট দেখে বই পড়ার প্রতি আগ্রহী হন। তাই প্রথমে নিজের পছন্দের বিষয় বা প্রিয় গল্পের বই দিয়েই শুরু করা উচিত। কোনো বই ভালো না লাগলে সেটি বাদ দিয়ে অন্য বই নেওয়াই ভালো।

ছোট লক্ষ্য দিয়ে শুরু

বিশেষজ্ঞরা বলছেন, বড় লক্ষ্য নয়, ছোট লক্ষ্য দিয়ে শুরু করাই সবচেয়ে কার্যকর। প্রতিদিন মাত্র ১৫ মিনিট বই পড়ার অভ্যাস ধীরে ধীরে দীর্ঘ সময়ের অভ্যাসে পরিণত হতে পারে।

আরও পড়ুন
Web-Image

আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস 

বুক ক্লাবের শক্তি

বন্ধু বা পরিচিতদের সঙ্গে বুক ক্লাব গড়ে তুললে বই পড়ার আগ্রহ অনেক বেড়ে যায়। একসঙ্গে বই নিয়ে আলোচনা ও আড্ডা অভ্যাস ধরে রাখতে সাহায্য করে।

অডিওবুক ও ই-রিডার বিকল্প

গবেষণায় দেখা গেছে, অডিওবুক শোনা এবং চোখে পড়ে বই পড়ার মধ্যে বোঝার ক্ষেত্রে তেমন পার্থক্য নেই। তাই ব্যস্ত সময়ে অডিওবুক একটি ভালো বিকল্প হতে পারে। পাশাপাশি ই-রিডার ব্যবহার করলে একসঙ্গে অনেক বই বহন করা যায় এবং চোখের ওপর চাপও কম পড়ে।

মোবাইল দূরে রাখাই ভালো

একটি গবেষণায় দেখা গেছে, মোবাইল ফোন পাশে থাকলেও মনোযোগ কমে যায়। তাই বই পড়ার সময় ফোন দূরে রাখলে মনোযোগ বাড়ে এবং অভ্যাস গড়ে ওঠা সহজ হয়।

বিশেষজ্ঞরা বলছেন, বই পড়া শুধু জ্ঞান নয়, মানসিক স্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ। এটি সহানুভূতি বাড়ায়, মস্তিষ্ককে সক্রিয় রাখে এবং মানসিক প্রশান্তি দেয়। তাই ছোট পদক্ষেপ দিয়ে শুরু করলেই আবার বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনা সম্ভব।


আরটিভি/জেএমএ