মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ০৮:৩৫ এএম
রান্নাঘরের টাইলসের খাঁজে জমে থাকা তেল-ময়লা অনেক সময় পরিষ্কার করাই সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়ায়। প্রতিদিন রান্না, বাসন ধোয়া ও ঘর গোছানোর ব্যস্ততার কারণে টাইলস পরিষ্কার করার সময় মেলে না। ফলে ধীরে ধীরে টাইলসের খাঁজে তেলকালি জমে কালো দাগ পড়ে যায়। তবে কিছু সহজ কৌশল জানলে খুব কম সময়েই টাইলস ঝকঝকে রাখা সম্ভব।
রান্নাঘরের টাইলসে শুধু তেল নয়, বিভিন্ন মসলা ও ময়লাও জমে শক্ত আস্তরণ তৈরি করে। শুধু পানি দিয়ে এসব দাগ দূর করা সম্ভব হয় না।
তেলের আস্তরণ দূর করার উপায়
হালকা গরম পানিতে কয়েক ফোঁটা বাসন ধোয়ার তরল সাবান মিশিয়ে নিন। এরপর একটি নরম কাপড় সেই পানিতে ভিজিয়ে টাইলস ভালোভাবে মুছে ফেলুন। সামান্য চাপ দিয়ে মুছলে জমে থাকা তেল সহজেই উঠে আসবে। পরে শুকনো কাপড় দিয়ে টাইলস মুছে নিন।
খাঁজের কালো দাগ পরিষ্কার করবেন যেভাবে
দুই টাইলসের মাঝের সরু অংশে সবচেয়ে বেশি ময়লা জমে। এই অংশ পরিষ্কার করতে পানির সঙ্গে খাবার সোডা মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এরপর একটি পুরোনো দাঁত মাজার ব্রাশের সাহায্যে পেস্টটি খাঁজে লাগিয়ে রাখুন। পাঁচ মিনিট পর ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করুন। শেষে ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন।
লেবুর রসেও মিলতে পারে সমাধান
যারা সাবান বা খাবার সোডা ব্যবহার করতে চান না, তারা লেবুর রস ব্যবহার করতে পারেন। হালকা গরম পানির সঙ্গে লেবুর রস মিশিয়ে টাইলসের ওপর ছিটিয়ে দিন। এরপর কিছুক্ষণ রেখে ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন। নিয়মিত এভাবে পরিষ্কার করলে টাইলসের ময়লা ও কালো দাগ অনেকটাই কমে যাবে।
তাই সপ্তাহে অন্তত একদিন রান্নাঘরের টাইলস পরিষ্কার করলে তেল-ময়লা জমে শক্ত আস্তরণ তৈরি হওয়ার সুযোগ কমে যায়। এতে রান্নাঘর যেমন পরিষ্কার থাকে, তেমনি দীর্ঘদিন টাইলসও নতুনের মতো ঝকঝকে থাকে।
আরটিভি/জেএমএ