images

লাইফস্টাইল / স্বাস্থ্য পরামর্শ / পরামর্শ

সকালে ঘুম থেকে উঠেই পিঠে ব্যথা? অবহেলা করলেই বিপদ! 

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ০৮:৫৬ এএম

সকালে ঘুম থেকে উঠেই কি কোমর বা পিঠের নিচের অংশে ব্যথা অনুভব করেন? অনেকেই এমন সমস্যায় ভোগেন। কিছুক্ষণ হাঁটাহাঁটি বা শরীর নড়াচড়া করার পর ব্যথা কমে গেলেও নিয়মিত এমন হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় একই ভঙ্গিতে ঘুমিয়ে থাকার কারণে শরীরে জড়তা তৈরি হতে পারে। আবার ঘুমের সময় রক্ত চলাচল কিছুটা কমে যাওয়ার কারণেও সকালে উঠে পিঠে ব্যথা অনুভূত হতে পারে। তবে এর পেছনে আরও কিছু কারণ থাকতে পারে।

কেন হয় সকালের পিঠের ব্যথা?

ভুল ভঙ্গিতে ঘুমানো

অনেক সময় উপুড় হয়ে ঘুমানোর কারণে মেরুদণ্ডের ওপর অতিরিক্ত চাপ পড়ে। এতে পিঠের পেশি ও হাড়ের সংযোগস্থলে অস্বস্তি তৈরি হয়। বিশেষজ্ঞরা চিত হয়ে বা কাত হয়ে ঘুমানোর পরামর্শ দেন।

পুরোনো বা অনুপযুক্ত গদি

অনেক পুরোনো বা শরীরের জন্য উপযুক্ত নয় এমন গদি পিঠের ব্যথার অন্যতম কারণ হতে পারে। ভালো মানের গদি ঘুমের মান বাড়ানোর পাশাপাশি পিঠের অস্বস্তিও কমাতে সাহায্য করে।

আরও পড়ুন
Web-Image

প্রতিদিন লটকন খেলে মিলতে পারে ১০ উপকার 

গর্ভাবস্থা

গর্ভাবস্থায় শরীরের ওজন ও চাপ বাড়ার কারণে কোমরের নিচের অংশে ব্যথা দেখা দিতে পারে। সকালে ঘুম থেকে ওঠার পর এই ব্যথা আরও বেশি অনুভূত হতে পারে।

মেরুদণ্ডের ডিস্ক ক্ষয়

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেরুদণ্ডের হাড়ের মাঝের ডিস্ক ক্ষয় হতে শুরু করে। এ অবস্থায় সকালে ঘুম থেকে ওঠার পর ব্যথা ও শক্তভাব বেশি অনুভূত হতে পারে।

দীর্ঘস্থায়ী ব্যথাজনিত সমস্যা

শরীরের বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে ব্যথা, ক্লান্তি, ঘুমের সমস্যা বা মানসিক চাপ থাকলে সেটিও সকালের পিঠের ব্যথার কারণ হতে পারে।

ব্যথা কমাতে কী করবেন?

সকালে ঘুম থেকে উঠেই হঠাৎ দাঁড়িয়ে না গিয়ে কিছুক্ষণ শরীর টানটান করে হালকা ব্যায়াম করতে পারেন। নিয়মিত শরীরচর্চা, হাঁটাহাঁটি এবং কোমর ও পিঠের পেশি শক্তিশালী করার ব্যায়ামও উপকার দিতে পারে।

এছাড়া প্রতিদিন হাঁটার অভ্যাস শরীর সচল রাখে এবং পিঠের ব্যথার ঝুঁকি কমায়। ব্যথা বেশি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করা যেতে পারে।

কখন চিকিৎসকের কাছে যাবেন?

যদি পিঠের ব্যথা প্রায় প্রতিদিন হয়, ধীরে ধীরে বাড়তে থাকে অথবা এর সঙ্গে অন্য কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দেয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

বিশেষজ্ঞদের মতে, অনেক সময় এটি শুধু ঘুমের ভঙ্গি বা গদির সমস্যার কারণে হয়। তবে কিছু ক্ষেত্রে এটি শরীরের ভেতরের কোনো জটিল সমস্যার ইঙ্গিতও হতে পারে। তাই দীর্ঘদিনের পিঠের ব্যথাকে অবহেলা না করাই ভালো।


আরটিভি/জেএমএ